Published : 02 Jul 2025, 10:04 AM
পুরান ঢাকার হাটখোলায় একটি রাসায়নিকের গুদামে আগুন লাগার পর দুই ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, হাটখোলার মামুন প্লাজায় ওই রাসায়নিকের গুদামে বুধবার ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পান তারা।
"আমাদের সাতটি ইউনিট সেখানে যায় এবং চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনটি ইউনিট স্ট্যান্ডবাই ছিল।"
প্রায় দুই ঘণ্টা পর সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
আগুন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ছালেহ উদ্দিন পরে সাংবাদিকদের জানান, তিনতলা ভবনের তৃতীয় তলায় ওই গুদামে কী ধরনের রাসায়নিক ছিল সেখানে উপস্থিত কেউ সে বিষয়ে ধারণা দিতে পারেননি। মালিক পক্ষের কেউ সেখানে ছিলেন না।
তথ্য না পাওয়ায় এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে জানিয়ে তিনি বলেন, "সেখানে ফোম এবং পানি দুটোই ব্যবহার করছি আমরা।"
ছালেহ উদ্দিন বলেন, ওই ভবনের অন্যান্য ফ্লোরে অনেকগুলো পরিবার থাকে। তাদের সেখান থেকে নামিয়ে আনা হয়েছিল। এ ঘটনায় কেউ হতাহত হননি।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।