রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের বৈঠকে তারেক রহমান
বৈঠকে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জেসিসি) প্রতিনিধিত্ব করছেন তুরস্ক ও কুয়েত।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার স্থানীয় সময় সকাল সোয়া ১১টায় জাতিসংঘ সদর দপ্তরের একটি সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।
বাংলাদেশ ও গাম্বিয়ার সহ-আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় ‘দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি, ন্যায়বিচার ও জবাবদিহিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের নতুন আহ্বান’ শীর্ষক এ উচ্চপর্যায়ের বৈঠক অংশ নিচ্ছেন আট দেশের প্রতিনিধিরা।
বৈঠকে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জেসিসি) প্রতিনিধিত্ব করছেন তুরস্ক ও কুয়েত।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, “প্রধানমন্ত্রী আজকের রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের এই বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।”
দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, মানবাধিকারসহ সমস্যার মূল কারণগুলো চিহ্নিত করা এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা এ বৈঠকের মূল লক্ষ্য।
এর আগে মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারহাম সালিহের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ওই বৈঠকে তিনি বলেন, সংকটের স্থায়ী সমাধানের জন্য রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই। সেজন্য আরও কার্যকর ও সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজন।
বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে। তাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার বিষয়টি প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফরের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
