২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ দিনের মধ্যে রেলের জমি খালি করার নির্দেশ

বেঁধে দেওয়া সময়ের পর অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর উদ্যোগের হুঁশিয়ারি দিয়েছে রেল মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2024, 08:16 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

রেলওয়ের জায়গা দখল করে থাকা সব স্থাপনা ও অবকাঠামো নিজ উদ্যোগে সরানোর নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

এজন্য পাঁচ দিন সময় বেঁধে দিয়ে বৃহস্পতিবার মন্ত্রণালয় এক গণবিজ্ঞপ্তিতে বলেছে, নির্দেশনা না মানলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার রেলওয়ের ভূমি দখলমুক্ত করার বিশেষ উদ্যোগ নিয়েছে। এজন্য রেলের জায়গায় থাকা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে সরাতে হবে। এই সময়ের পরে দখলমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ রেলওয়ের মোট সম্পত্তি ৬১ হাজার ৮৬০ দশমিক ২৮ একর। আর ব্যবহার করছে ৩০ হাজার ৭৬৮ দশমিক ৫১ একর জমি। ব্যবহারের অনুমতি ও ইজারা দেওয়া হয়েছে ১৩ হাজার ২৩ একর জমি। বাকিটা রয়েছে অবৈধভাবে দখলে।