১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবমেরিন কেবলের ত্রুটি সারাইয়ের কাজ শুরু, ব্যাহত হবে ইন্টারনেট সেবা

এসময়ে কক্সবাজার থেকে সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে ইন্টারনেট সেবা সাময়িকভাবে ব্যাহত হবে।

সাবমেরিন কেবলের ত্রুটি সারাইয়ের কাজ শুরু, ব্যাহত হবে ইন্টারনেট সেবা
ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2024, 03:53 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

দেশের প্রথম সাবমেরিন কেবল সিস্টেমের (এসএমডব্লিউ-৪) সিঙ্গাপুর প্রান্তে ত্রুটি সারানোর কাজ শুরু করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসসিপিএলসি জানিয়েছে, “শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবল সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে টুয়াস ল্যান্ডিং স্টেশনের নিকট কনসোর্টিয়াম কর্তৃক ল্যান্ড ক্যাবলের ত্রুটি নিরসনের লক্ষ্যে রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।”

এসময়ে কক্সবাজার থেকে সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে ইন্টারনেট সেবা সাময়িকভাবে ব্যাহত হবে। 

বাংলাদেশে ইন্টারনেটের ব্যান্ডউইডথ আসে মূলত গভীর সমুদ্রের মধ্য দিয়ে আসা দুটো সাবমেরিন কেবলের মাধ্যমে। প্রথম সাবমেরিন কেবল সিমিউই-৪ এর ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে। আর দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউই-৫ ঢুকেছে কুয়াকাটা হয়ে।

প্রথম সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণের কাজ চলায় এর ইন্টারনেট ব্যন্ডউইডথ দ্বিতীয় সাবমেরিন কেবল ও আইসিটি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সরবরাহ হবে বলে জানিয়েছেন বিএসসিপিএলসির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ইন্টারনেটে কোনো সমস্যা হবে না। প্রথম সাবমেরিন কেবলসহ ইন্টারনেট ব্যান্ডউইথের টোটাল ক্যাপাসিটি অন্য রাস্তা দিয়ে ট্র্যাফিক (প্রবাহ) যাবে। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আসেনি।”

“তারপরও গ্রাহকদের জানাতে আমরা তথ্য প্রচার করেছি।”