Published : 26 Oct 2025, 06:24 PM
মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে একজনের প্রাণহানির ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। পাশাপাশি নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার বিকালে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পাঁচ সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফকে। কমিটিতে কারিগরি ও প্রকৌশলগত ত্রুটি পর্যালোচনার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এ বি এম তৌফিক হাসান, এমআইএসটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম এবং ডিএমটিসিএলের (লাইন-৫) প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল ওহাব। উপসচিব আসফিয়া সুলতানা কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
এদিন বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার খামারবাড়ি এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামের এক যুবকের মৃত্যু হয়। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকার জলিল চোকদারের ছেলে।

মন্ত্রণালয় বলছে, নিহতের দাফন-কাফনের সব খরচ সরকার বহন করবে। সেই সঙ্গে নিহতের পরিবারের কেউ কর্মক্ষম ও বেকার থাকলে যোগ্যতা অনুযায়ী তার চাকরির ব্যবস্থা করা হবে।
এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর একই এলাকায় বিয়ারিং প্যাড খসে পড়েছিল। সেই ঘটনার তদন্ত প্রতিবেদনও রোববার গঠিত কমিটি পর্যালোচনা করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
কম্পন প্রতিরোধের জন্য সেতু বা উড়াল সেতুতে ইলাস্টোমোরিক বিয়ারিং প্যাড বসানো থাকে। এ প্যাড নিওপ্রেন বা প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়। কোনোটির ভেতরে কয়েক পরতে থাকে স্টিলের কাঠামো, আর উপরে থাকে রাবার। এগুলো ওজনে অনেক ভারী হয়।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় উপর থেকে বিয়ারিং প্যাড পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই প্যাড পড়ে একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।