০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

একের অধিক মোটর গাড়িতে আবার পরিবেশ সারচার্জ

এই সারচার্জ হবে সর্বনিম্ন ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা।

একের অধিক মোটর গাড়িতে আবার পরিবেশ সারচার্জ
কোনো ব্যক্তির নামে একটির বেশি গাড়ি থাকলে সর্বনিম্ন ২৫ হাজার থেকে বছরে সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা সারচার্জের বিধান বহাল রেখেছেন অর্থমন্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 04:56 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

কারও নামে একাধিক মোটর গাড়ি থাকলে এবারও দিতে হবে পরিবেশ সারচার্জ। গাড়ির সিসি যত বেশি, টাকার পরিমাণও তত বাড়বে। 

এই সারচার্জ হবে সর্বনিম্ন ২৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা। গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়নের সময় এই অর্থ আদায় করা হবে। একাধিক বছরের জন্য গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়ন করা হলে কর দিতে হবে পরবর্তী বছরের ৩০ জুনের মধ্যে এবং ওই সময় নির্ধারিত হারে। 

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থবিলেও ২০২৪ এই কর হারের উল্লেখ রয়েছে। 

মোটর গাড়ি বলতে কী বোঝাবে, তাও সুনির্দিষ্ট করা আছে। বাস, মিনিবাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্যাংক লরি, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, অটোরিকশা ও মোটর সাইকেল ছাড়া অন্যান্য মোটরযান এর অন্তর্ভুক্ত হবে। 

পরিবেশ সারচার্জেও কয়েকটি শর্তের উল্লেখ রয়েছে। সেগুলো হল: একাধিক গাড়ির ক্ষেত্রে যে গাড়ির উপর সর্বনিম্ন হারে পরিবেশ সারচার্জ আরোপিত হবে, ওই গাড়ি ছাড়া অন্যান্য গাড়ির বিপরীতে পরিবেশ সারচার্জ পরিশোধ করতে হবে। 

অর্থমন্ত্রী, জানান, ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট পর্যন্ত প্রতিটি মোটর গাড়ির জন্য পরিবেশ সারচার্জের হার ২৫ হাজার টাকা। 

১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াটের বেশি কিন্তু ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের বেশি নয়, এমন প্রতিটি মোটর গাড়ির জন্য দিতে হবে ৫০ হাজার টাকা। 

২০০০ সিসি বা ১০০ কিলোওয়াটের বেশি কিন্তু ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের বেশি নয়, এমন প্রতিটি মোটর গাড়ির জন্য দিতে হবে ৭৫ হাজার টাকা। 

২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াটের বেশি, কিন্তু ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের বেশি নয়, এমন মোটর গাড়ির জন্য দিতে হবে দেড় লাখ টাকা। 

৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াটের বেশি, কিন্তু ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের বেশি নয়, এমন প্রতিটি মোটর গাড়ির জন্য দিতে হবে দুই লাখ টাকা। 

এর চেয়েও বেশি সিসি বা কিলোওয়াট হলে অর্থাৎ সাড়ে তিন হাজার সিসি বা ১৭৫ কিলোওয়াটের বেশি প্রতিটি মোটর গাড়ির জন্য সাড়ে তিন লাখ টাকা সারচার্জ দিতে হবে। 

চলতি অর্থবছরেও সারচার্জের হার একই আছে।