২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: একদিনে ভর্তি ১১০৯ রোগী, মৃত্যু ৪ জনের

সবশেষ মারা যাওয়াদের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2024, 09:07 PM

Updated : 26 Aug 2026, 10:52 AM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১০৯ জন রোগী। এসময়ে এইডিস মশাবাহিত এ রোগে প্রাণ গেছে চারজনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার ২৪৭ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩০ জনে।

গত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪০০ জন, ঢাকা বিভাগে ১৭৫ জন, ময়মনসিংহে ৪৫ জন, চট্টগ্রামে ১৬৬ জন, খুলনায় ১৩৯ জন, রাজশাহী বিভাগে ৫২ জন, রংপুর বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১০৭ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বুধবার যারা মারা গেছেন তাদের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকিদের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগে এবং একজন খুলনা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৩ হাজার ৬৮৫ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪২৩২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৯৩৪ জন; আর ২২৯৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। 

একদিনে সর্বোচ্চ ১৩৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৩৯ হাজার ৯৮৮ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ২৫৯ জন।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৪ জনের।

নভেম্বরের প্রথম ছয় দিনে ৬৪৩০ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ৩৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।