২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং বন্ধে নীতিমালা বাস্তবায়নে হাই কোর্টের নির্দেশ

২০২৩ সালের ২ মে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং সংক্রান্ত বিষয়গুলোর প্রতিকারের জন্য প্রজ্ঞাপন জারি করে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2024, 07:08 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে র‌্যাগিংবিরোধী কমিটি করাসহ শিক্ষা মন্ত্রণালয়ের করা নীতিমালা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। 

এ বিষয়ে একটি রিটের জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ এ রায় দেয়।

রিটকারী আইনজীবী ইশরাত হাসান বলেন, “২০২০ সালের ১২ জানুয়ারি দেশের সব বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে র‌্যাগিংয়ের শিকার শিক্ষার্থীদের প্রতিকারে অ্যান্টি র‌্যাগিং কমিটি গঠন করতে নির্দেশ দেন হাই কোর্ট।”

এই আইনজীবী জানান, তার করা রিট আবেদনের শুনানি নিয়ে ওই সময় হাই কোর্ট রুলসহ এ আদেশ দেয়। তিনি নিজে রিটের শুনানি করেন।

রুলে শিক্ষার্থীদের জীবন ও সম্মান রক্ষায় র‌্যাগিং বন্ধে নীতিমালা করতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চায় আদালত।

শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়। 

আইনজীবী ইশরাত জাহান বলেন, ২০২৩ সালের ২ মে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং সংক্রান্ত বিষয়গুলোকে প্রতিকারের জন্য এই প্রজ্ঞাপন জারি করে। 

তিনি বলেন, প্রজ্ঞাপন অনুযায়ী র‌্যাগিংকে শাস্তিযোগ্য অপরাধ করা হয়। এখানে শারীরিক, মানসিক, যৌন, সাইবার প্রত্যেক ধরনের বুলিং ও র‌্যাগিংকে সংজ্ঞায়িত করে সরকারি এবং বেসরকারি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন করতে বলা হয়। এছাড়া কমিটি কীভাবে কাজ করবে তাও বলা হয়েছে। এ ধরনের অভিযোগ আসার সাত দিনের মধ্যে তদন্ত কমিটি তদন্ত করবে এবং তদন্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নেবে। 

এছাড়া যদি শারীরিক নির্যাতন করা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধু ব্যবস্থাই নেবে না, তার বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রমও শুরু করবে। 

“এই প্রজ্ঞাপনটা আমরা আদালতে দাখিল করেছি। আদালত শুনানি শেষে আজ রায় দিয়েছেন। এই প্রজ্ঞাপন অনুসারে প্রতিটা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে ব্যবস্থা নেবে।”

ইশরাত হাসান বলেন, “অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা তরুণ-তরুণীরা সিনিয়রদের র‌্যাগিংয়ের শিকার হন। সিনিয়ররা নতুনদের কান ধরে ওঠবস করানো, রড দিয়ে পেটানো, পানিতে চুবানো, উঁচু ভবন থেকে লাফ দেওয়ানো, সিগারেটের আগুনে ছ্যাঁকা দেওয়া, গাছে ওঠানো, ভবনের কার্নিশ দিয়ে হাঁটানো, এমনকি দিগম্বর পর্যন্ত করে।

“এছাড়া গালিগালাজ করা, কুৎসা রটানো, নজরদারি করা ও নিয়মিত খবরদারির মতো নানা ধরনের মানসিক নির্যাতন করা হয়।” 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার নোটিস দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় হাই কোর্টে রিট করেন বলে জানান এই আইনজীবী। 

আরও পড়ুন

বুলিং-র‌্যাগিং প্রতিরোধ নীতিমালা শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়নের

বুলিং ও র‌্যাগিংয়ে জড়ালে ফৌজদারি ব্যবস্থা, নীতিমালা জারি

'র‌্যাগিং' বন্ধে কমিটি-স্কোয়াড গঠনের নির্দেশ হাই কোর্টের