Published : 14 Aug 2023, 11:31 PM
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে তিন মাসের মধ্যে বুলিং ও র্যাগিং প্রতিরোধে করা চূড়ান্ত নীতিমালা পাঠানো এবং ছয় মাসের মধ্যে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
নীতিমালার নির্দেশনাগুলো বাস্তবায়নের পর তা নিয়ে প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।
সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে রায় ঘোষণা করে।
এর আগে একই দিন সকালে শিক্ষা মন্ত্রণালয়ের তৈরি চূড়ান্ত নীতিমালার গেজেটের অনুলিপি হাই কোর্টে দাখিল করা হয়।
চূড়ান্ত নীতিমালায় গত ২৯ জুন জারি করা গেজেটে বুলিং-র্যাগিংয়ের অপরাধে শিক্ষার্থী, শিক্ষক এবং গভর্নিং বডির সদস্যদের বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, বুলিং-র্যাগিংয়ের মাত্রা অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার পর ২০১৮ সালের ৪ ডিসেম্বর স্বতঃপ্রণোদিত হয়ে একটি আদেশ দেয় হাই কোর্ট।
এদিকে ‘বুলিং’ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং রোধে নীতিমালা তৈরি করতে রিট আবেদন করেন আইনজীবী মো. তানভীর আহমেদ।
একই বিষয় হওয়ায় এ দুটি মামলা এই বেঞ্চে একসঙ্গে শুনানি হয়।
অ্যাডভোকেট তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়বস্তু একই হওয়ায় দুটি মামলা গত ১৯ ফেব্রুয়ারি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে শুনানির জন্য ওঠে। সেদিন শিক্ষা মন্ত্রণালয় পঞ্চম দফায় নীতিমালার খসড়া জমা দেয়। কিন্তু কিছু বিষয় নিয়ে প্রশ্ন ওঠায় সেসব বিষয় সংশোধন, পরিমার্জন করে নীতিমালাটি চূড়ান্ত করতে আদালত ফের সময় দেন।
সোমবার সকালে রায় ঘোষণার আগে চূড়ান্ত নীতিমালার গেজেটের অনুলিপি হাই কোর্টে দাখিল করা হয় বলে জানান তিনি।
অ্যাডভোকেট তানভীর আহমেদ জানান, বুলিং ও র্যাগিং প্রতিরোধে করা চূড়ান্ত নীতিমালা তিন মাসের মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছয় মাসের মধ্যে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।
চূড়ান্ত নীতিমালায় বিভিন্ন ধরনের বুলিং-র্যাগিংকে সংজ্ঞায়িত করা হয়েছে।
>>> মৌখিক বুলিং ও র্যাগিং - কাউকে উদ্দেশ্য করে মানহানিকর বা অপমানজনক এমন কিছু বলা বা লেখা, যা খারাপ কোনো কিছুর প্রতি ইঙ্গিত বহন করে-ইত্যাদিকে মৌখিক বুলিং বোঝাবে। যেমন- উপহাস করা, খারাপ নামে সম্বোধন করা বা ডাকা, অশালীন শব্দ ব্যবহার করা, গালিগালাজ করা, হুমকি দেওয়া, শারীরিক অসমর্থতাকে নিয়ে উপহাস করা বা অনুরূপ কার্যাদি।
>>> শারীরিক বুলিং ও র্যাগিং - কাউকে কোনো কিছু দিয়ে আঘাত করা, চড়-থাপ্পড় মারা, শরীরে পানি বা রং ঢেলে দেওয়া, লাথি মারা, ধাক্কা মারা, খোঁচা দেওয়া, থুথু দেওয়া, বেঁধে রাখা কোনো বিশেষ ভঙ্গিতে দাঁড়িয়ে/বসে বা বিশেষ অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া অথবা কোনো কিছু করতে বা না করতে বাধ্য করা, কারো কোনো জিনিসপত্র জোর করে নিয়ে যাওয়া বা ভেঙে ফেলা, মুখ বা হাত দিয়ে অশালীন বা অসৌজন্যমূলক অঙ্গভঙ্গি করা বা অনুরূপ কার্যাদি।
>>> সামাজিক বুলিং ও র্যাগিং - কারো সম্পর্কে গুজব ছড়ানো, প্রকাশ্যে কাউকে অপমান করা, ধর্ম, বর্ণ, জাতি, গোত্র, পেশা, গায়ের রং, অঞ্চল বা জাত তুলে কোনো কথা বলা বা অনুরূপ কার্যাদি।
>>> সাইবার বুলিং ও র্যাগিং - কারও সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটু কিছু লেখা বা ছবি বা অশালীন ব্যঙ্গাত্মক কিছু পোস্ট করে তাকে অপদস্থ করা বা অনুরূপ কার্যাদি।
>>> সেক্সুয়াল বুলিং ও র্যাগিং - ইচ্ছাকৃতভাবে শরীরের বিভিন্ন স্থানে আপত্তিজনক স্পর্শ করা বা করার চেষ্টা করা, ইঙ্গিতবাহী চিহ্ন প্রদর্শন করা, আঁচড় দেওয়া, জামা-কাপড় খুলে নেওয়া বা খুলতে বাধ্য করা বা অনুরূপ কার্যাদি।
এই পাঁচ ধরনের বুলিং-র্যাগিং ছাড়াও এমন কর্ম, আচরণ, কার্যাদি যা অসম্মানজনক, অপমানজনক ও মানহানিকর এবং শারীরিক/মানসিক যাতনার কারণ হতে পারে, তা যে নামেই হোক না কেন, তা অপরাধ হিসেবে গণ্য হবে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার পর ২০১৮ সালের ৪ ডিসেম্বর স্বতঃপ্রণোদিত হয়ে একটি আদেশ দেয় হাই কোর্ট।
এর পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে গঠিত শিক্ষা মন্ত্রণালয় গঠিত একটি কমিটি একটি নীতিমালা খসড়া করে ২০১৯ সালে আদালতে দাখিল করে। এরপর নীতিমালা কয়েক দফা সংশোধন, পরিমার্জন, সংযোজন-বিয়োজন করা হয়।
২০২১ সালে এই আইনজীবী মো. তানভীর আহমেদও বুলিং নিয়ে একটি রিট করেন। ওই রিটে একই বছরের ২২ অগাস্ট রুল জারির আদেশ দেয়।
আরও পড়ুন: