১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘আধিপত্য নিয়ে’ সোহরাওয়ার্দী হাসপাতাল এলাকায় সংঘর্ষ

“বিপ্লব ও অপু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়, দুজনই বিএনপির রাজনীতি করেন,” বলেন ওসি আব্দুল কাউয়ুম।

‘আধিপত্য নিয়ে’ সোহরাওয়ার্দী হাসপাতাল এলাকায় সংঘর্ষ
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2025, 05:13 PM

Updated : 10 Sep 2026, 12:40 PM

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের এলাকার আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে হৃদরোগ ইন্সটিটিউট ও সোহরাওয়ার্দী হাসপাতালের মাঝামাঝি এলাকায় প্রথম দফা সংঘর্ষ হয়। এরপর সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ দিকে দ্বিতীয় দফা সংঘর্ষ হওয়ার কথা বলছে পুলিশ। 

শেরেবাংলা নগর থানার ওসি আব্দুল কাউয়ুম বলেন, বিপ্লব ও অপু গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুজনই বিএনপির রাজনীতিতে জড়িত।

এ ঘটনায় ৬-৭ জন আহত হওয়ার তথ্য দিয়ে ওসি বলেন, “আমাদের কাছে দুই পক্ষই অভিযোগ দিয়েছে। আমরা খতিয়ে দেখছি।”

শেরেবাংলা নগর থানার এসআই সাব্বির হোসেন বলেন, “যতটুকু জেনেছি, বিপ্লব যুবদলের এবং অপু কৃষকদলের সাথে জড়িত।”

সংঘর্ষে দুই পক্ষের লোকজনই আহত হয়। এদের মধ্যে অপু গ্রুপের সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্যদের চিকিৎসা দেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতাল ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে। 

ওসি বলেন, হাসপাতালের টেন্ডার, অ্যাম্বুলেন্স ব্যবসা, ফুটপাথসহ হাসপাতালকেন্দ্রিক আধিপত্য নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।