পুত্রাজায়ায় তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
পরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৮টায় কুয়ালা লামপুরের সাংগ্রি-লা হোটেল থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ার উদ্দেশে রওনা হন।
সকাল ৯টার দিকে তারা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পরদানা পুত্রা’ ভবন প্রাঙ্গণে পৌঁছান। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিনী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।
এরপর লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয় তারেক রহমান ও জুবাইদা রহমানকে; গার্ড অব অনার প্রদান করেন মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল। এ সময় মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে সফরসঙ্গীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। একইভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।
পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা শেষে ভবনের প্রবেশ পথে অতিথি বইয়ে সই করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আনোয়ার ইব্রাহিম পঞ্চম তলায় যান, সেখানে তারা একান্ত বৈঠকে মিলিত হন।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুত্রাজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী সড়কের দুই পাশে টানানো হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা।
