২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮৫ বছর পূর্ণ করলেন মুহাম্মদ ইউনূস

১৯৪০ সালের এই দিনে চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই নোবেল বিজয়ী।

৮৫ বছর পূর্ণ করলেন মুহাম্মদ ইউনূস
মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

বিডিনিউজ২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2025, 08:03 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জীবনের ৮৫ বছর পেরিয়ে এলেন শনিবার।

সরকারপ্রধান হিসেবে তার প্রথম জন্মবার্ষিকীতে কোনো আয়োজন ছিল না। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ সরকারের হাল ধরা শান্তিতে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের জন্মদিন নিভৃতেই কেটেছে।

১৯৪০ সালের এই দিনে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মুহাম্মদ ইউনূস। দুলা মিঞা সওদাগর ও সুফিয়া খাতুন দম্পতির সন্তান ইউনূস বিশ্বব্যাপী ব্যাংকিং সিস্টেমে ক্ষুদ্রঋণের ‘অগ্রদূত’ হিসেবে পরিচিত।

ইউনূসের তৈরি ‘সামাজিক ব্যবসা’ ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তার জন্মদিনকে ‘সামাজিক ব্যবসা দিবস’ হিসেবে পালন করেন অনেকে।

এবার তার ৮৫তম জন্মবার্ষিকীর আগের দিন শুক্রবার দেশে ১৫তম সামাজিক ব্যবসা দিবসের আয়োজন করা হয়। ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপ যৌথভাবে এ দিবস উদ্যাপন করে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মূল বক্তা হিসেবে যোগ দেন। তবে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার জন্মদিনের উদ্যাপন সংক্রান্ত কোনো আয়োজন ছিল না।

শনিবার অধ্যাপক ইউনূসের জন্মদিন উপলক্ষে সরকারি কোনো কর্মসূচি নেই। সরকারি পর্যায়ে জন্মদিন পালন করা হবে না বলে বাসসকে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ।

জন্মদিনে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম তার ফেইসবুক পোস্টে লিখেছেন, ''শুভ জন্মদিন স্যার। আপনার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য এক বিরাট সম্মানের।''

২০২৪ সালের ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে একটি ধারায় মুহাম্মদ ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড দেয় ঢাকার একটি শ্রম আদালত। এর আট মাসের মাথায় ৫ অগাস্ট প্রবল গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের তিন দিন পর ৮ অগাস্ট ‘তরুণদের দেখানো পথে’ বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নেন মুহাম্মদ ইউনূস।

মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

মুহাম্মদ ইউনূসের শিক্ষাজীবনের প্রথমভাগ কেটেছে চট্টগ্রামে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে ম্যাট্রিক ও চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন।

১৯৬৫ সালে মুহাম্মদ ইউনূস স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

গবেষণা দিয়ে কর্মজীবন শুরু করলেও ১৯৬২ সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন ইউনূস।

১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। ১৯৭২ সালে দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন এবং পরে বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে অধ্যাপক পদে উন্নীত হওয়ার পর থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি সেখানে শিক্ষকতা করেন। এ বিশ্ববিদ্যালয়ে থাকার সময়ই তিনি পাশ্ববর্তী জোবরা গ্রামে ‘ক্ষুদ্রঋণ’ পরীক্ষামূলকভাবে চালু করেন।

পরে সেই প্রকল্পই গ্রামীণ ব্যাংকের রূপ নেয়, যার প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক হিসাবেও ইউনূস দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

ক্ষুদ্রঋণের মাধ্যমে সামাজিক অস্থিরতা দূর করতে এবং সমাজে শান্তি আনার বিষয়ে ভূমিকা রাখার উল্লেখ করে ২০০৬ সালে তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়।

এছাড়া বিশ্ব খাদ্য পুরস্কারসহ মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, কংগ্রেশনাল স্বর্ণপদক পেয়েছেন ইউনুস।

দেশে বিদেশে আরও অসংখ্য পুরস্কার ও সম্মানে ভূষিত হওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার সামাজিক ব্যবসা কনসেপ্ট নিয়ে আলাদা বিভাগ খোলা হয়েছে।