ঢাকা-৫: এক কেন্দ্রে হঠাৎ নৌকা-ট্রাকের কর্মীদের মধ্যে উত্তেজনা
টহল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
ঢাকা-৫ আসনের একটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষের একজনের ঢোকাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
শনিবার রাত ৯টার দিকে নৌকার প্রার্থী হারুনুর রশিদ মুন্না এবং আওয়ামী লীগের নেতা ট্রাক প্রতীকের মশিউর রহমান মোল্লা সজলের কর্মী ও সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে টহল পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম।
এ ঘটনা নিয়ে এক নারীর ফেইসবুক লাইভের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, রাত ৯টার দিকে শেখদি সেন্টারে দুই পক্ষের মধ্যে বেশ উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে কী নিয়ে উত্তেজনা সেই তথ্য না দিয়ে তিনি বলেন, "সমস্যা বড় কিছু নয়। নৌকা ও ট্রাক মার্কার মধ্যে একটু ঝামেলা হয়েছিল পরে টহল পুলিশ যাওয়ার পর তা ঠিক হয়ে গেছে।"
রাত ৯টার দিকে ওই কেন্দ্রে বহিরাগত একজন ঢুকে পড়েছে অভিযোগ তুলে এক নারী ফেইসবুকে লাইভ করেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সেখানে উত্তেজনার খবরও আসে।
ভিডিওতে ওই নারী প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর একজন কেন্দ্রের ভেতরে অবস্থান নিয়েছে বলে অভিযোগ আনেন। তাকে বলতে শোনা যায়, “এই কেন্দ্রের ভোট মানি না।”
সেসময় একজনক তাকে সান্তনা দিচ্ছেন বলেও দেখা যায়।
ডেমরা জোনের সরকারী কমিশনার মধুসূদন দত্ত জানান, সব জায়গায় শান্তিপূর্ণ পরিবেশ আছে। কোনো ঝামেলা নেই।
