২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু

দুর্ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন অন্য চালকরা।

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2024, 11:44 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

রাজধানীর ডেমরায় ব্যাটারিচালিত রিকশা চার্জ করতে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেমরার ডগাইর বাজারের পশ্চিম পাশে মাহবুব মিয়ার গ্যারেজে ঘটনাটি ঘটে।

নিহত রিকশাচালকের নাম এরশাদ হোসেন (২৭)। তার গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলায়, বাবার নাম ফকির মাহমুদ। ডগাইর মাজার রোডে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।

দুর্ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন অন্য চালকরা। পরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওই গ্যারেজের অটো রিকশাচালক রুবেল মিয়া।

তিনি বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে গ্যারেজে ব্যাটারিচালিত রিকশাটি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে যান এরশাদ। পরে সেখান থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।