তারিক সিদ্দিকের গাড়িচালক-কেয়ারটেকার আরও ৪ দিনের রিমান্ডে
প্রথম দফার রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের গাড়িচালক মো. চান মিয়া ও কেয়ারটেকার মো. মহিদুল ইসলামকে দ্বিতীয় দফায় আরও চার দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাদের রিমান্ডের আদেশ দেন।
এর আগে ২০ এপ্রিল তাদের দুজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তার আগের দিন মহিদুলকে ঠাকুরগাঁও সদরের ইসলামবাগ থেকে আর চান মিয়াকে ঢাকার ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
প্রথম দফার রিমান্ড শেষে শুক্রবার তাদের আদালতে হাজির করে পুনরায় জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিএমপি ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন তালুকদার।
প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম বলেন, “রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেন।”
চান মিয়া ও মহিদুল ইসলামকে গ্রেপ্তারের পর জুলাই আন্দোলনে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নিউ মার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় আব্দুল ওয়াদুদের শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।
