ডলার বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪
পুলিশ বলছে, বান্ডিলের উপরে-নিচে ১০০ ডলারের নোট রেখে ভেতরে এক ডলার দিয়ে ক্রেতার হাতে ধরিয়ে দিতেন তারা।
রাজধানীতে বাজারদরের চেয়ে কম দামে ডলার বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানান মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসিন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বেলায়েত হোসেন শেখ (৪৫), মো. জসিম হাওলাদার (২৪), মো. বিরাজ শিকদার (৬৫) ও মো. রাসেল গাজী (৪০)।
বেলায়েত ওই ‘প্রতারক চক্রের হোতা’ জানিয়ে ওসি বলেন, “প্রথমে তারা একজন ক্রেতাকে টার্গেট করেন। বাজারদরের চেয়েও কম মূল্যে তারা ডলার দেওয়ার কথা জানিয়ে সেই ক্রেতাকে প্রলোভন দেখান। পরে বান্ডিলের উপরে ও নিচে ১০০ ডলারের নোট রেখে ভেতরে এক ডলারের নোট দিয়ে ক্রেতার হাতে ধরিয়ে দেন।
‘নোটগুলো দেখতে প্রায় একইরকম হওয়ায় প্রথম দেখায় সহজে বিষয়টি ধরা যায় না। এই সুযোগে চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। প্রাইভেটকার নিয়ে দেশের বিভিন্ন জেলায় ঘুরে এই কাজ করে আসছিলেন তারা।”
পুলিশ বলছে, বেলায়েতের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় এক ডজন মামলা এবং জসিমের নামে তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০০ ডলারের ১০টি নোট এবং এক ডলারের ৩৮টি নোট উদ্ধার করা হয়।
