Published : 01 Dec 2025, 11:15 AM
ঢাকার পূর্বাচলে শেখ রেহানার ১০ কাঠার প্লট দুর্নীতি মামলার রায় ঘিরে ঢাকার আদালত এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোমবার সকাল থেকেই আদালত প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় নিয়মিত নিরাপত্তার পাশাপাশি মামলার ‘গুরুত্ব বিবেচনায়’ অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ মামলায় রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, বোন শেখ হাসিনাসহ ১৭ জন আসামি রয়েছে।
মামলার রায় ঘিরে এদিন আদালত এলাকায় বাড়তি পুলিশ সদস্য দেখা গেছে; পাশাপাশি মেতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক বিজিবি সদস্য।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যান ও প্রিজনভ্যান।
আদালতের প্রধান ফটকগুলোতে পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন, ‘সন্দেহজনক’ মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির আওতায় আনা হচ্ছে।
আদালতের এজলাস ভবনের সামনের বারান্দা ও প্রবেশপথেও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
শেখ রেহানার প্লট দুর্নীতি মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণ ও আশেপাশে পুলিশের ‘বাড়তি সদস্য’ মোতায়েন থাকার কথা জানিয়েছেন সূত্রাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, “আদালত এলাকায় নিয়মিত সদস্যদের পাশাপাশি পুলিশের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে।
“বাইরের সড়কেও প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে।”
টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, পূর্বাচলে মা, ভাই ও বোনের প্লট বরাদ্দে তিনি তার ‘বিশেষ ক্ষমতা’ ব্যবহার করে খালা শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তারে ভূমিকা রাখেন।
রেহানার প্লট দুর্নীতি মামলার অন্য আসামিরা হলেন—সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন-২) অলিউল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য (উন্নয়ন) অবসরপ্রাপ্ত মেজর প্রকৌশলী সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক (এস্টেট ও ভূমি ২) মো. নুরুল ইসলাম, রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) নায়েব আলী শরীফ এবং সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মাজহারুল ইসলাম।
কারাগারে থাকা রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে যে ধারায় অভিযোগ গঠন করা হয়েছে, সেই ধারার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড।
পূর্বাচলে প্লট দুর্নীতির তিন মামলায় বৃহস্পতিবারই আওয়ামী লীগ সভাপতির ২১ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। তার আগে গত ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

‘ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে’ রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে হাসিনা ও রেহানা পরিবারের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক। শেখ হাসিনার ৭ বছর করে কারাদণ্ড হয়েছে তার পরিবারের তিন মামলায়।
বৃহস্পতিবার দেওয়া রায়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে একটি মামলায় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আরেক মামলায় পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
এর চারদিন বাদে রেহানার প্লট দুর্নীতির মামলার রায় হতে যাচ্ছে। তার ছেলে ববি ও মেয়ে রূপন্তীর পৃথক প্লট দুর্নীতির মামলা সাক্ষ্যের পর্যায়ে রয়েছে।
গত ৩১ জুলাই এসব মামলায় হাসিনা ও রেহেনা পরিবারের সাত সদস্যসহ ২৯ জনের বিরুদ্ধে (বেশিরভাগই একাধিক মামলায় অভিযুক্ত) অভিযোগ গঠন করে আদালত।
গত ২৫ নভেম্বর রেহানার প্লট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন সোমবার ঠিক করে দেয় আদালত।