Published : 06 Apr 2026, 12:43 AM
বিএনপি সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠক হতে যাচ্ছে সচিবালয়ে।
সোমবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক হওয়ার সূচি রয়েছে।
বিএনপি সরকারের প্রথম এই একনেক সভায় ১৭টি প্রকল্প ওঠার কথা রয়েছে।
রেওয়াজ অনুযায়ী, উন্নয়ন প্রকল্প নির্ধারণ, ব্যয় কাটছাঁট আর উন্নয়নের গতিপ্রকৃতির দিশা ঠিক করতে সরকারের শীর্ষ পর্যায়ের এই কমিটির বৈঠক হয় রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ- এনইসি সন্মেলন কক্ষে।
তবে এবার সে ধারা পাল্টে সচিবালয়ে বৈঠক হওয়ার তথ্য দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর।
রোববার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বলা হয়, “আগামীকাল (সোমবার) অনুষ্ঠিতব্য একনেক সভার ভেন্যু পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষের পরিবর্তে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে (কক্ষ নং ২০০, ২য় তলা, ভবন নং-১) অনুষ্ঠিত হবে।"
এনইসি থেকে সচিবালয়ে বৈঠক সরিয়ে নেওয়ার কারণ কী তা বলা হয়নি। তবে কয়েকজন কর্মকর্তা প্রধানমন্ত্রীর সচিবালয়কে কেন্দ্র করেই সব কার্যক্রম পরিচালনার ইঙ্গিত দেন।
একনেক উপলক্ষে প্রথমবার সরকারপ্রধানের আসার কথা থাকায় পরিকল্পনা কমিশন চত্বরেও অনেকটাই গোছগাছ আর সাজসজ্জার কাজ করা হয়েছিল।
কমিশনের সড়কও নতুন করে পিচ ঢেলে ঠিক করা হয়। নতুন গাছও লাগানো হয়েছিল প্রথম বৈঠককে কেন্দ্র করে।
সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী তার তেজগাঁওয়ের কার্যালয় ছেড়ে বেশিরভাগ সময় অফিস ও নিত্যদিনের মিটিং সারছেন সচিবালয়ে।
বিগত সময়ে প্রয়োজনের তাগিদে বিভিন্ন কার্যালয়ে প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার সড়কে নিরাপত্তার কারণে যানজট ও দীর্ঘক্ষণ জনসাধারণের চলাচল বন্ধের সংস্কৃতি ছিল তা কাটানোর চেষ্টা দেখা গেছে নতুন সরকার গঠনের পর এ কয়েকদিনে।
এ ধারায় নতুন সংযোজন হিসেবে একনেক সভা এখন থেকে সচিবালয়েই হবে কিনা তা নিয়ে এখন সবার মধ্যে আলোচনা চলছে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে একনেক গঠন করা হয়। কমিটির বিকল্প সভাপতি করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।