১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বনানীর ওসির বিরুদ্ধে তাবিথের মামলার আবেদন খারিজ

‘মামলা হিসেবে গ্রহণের উপাদান না থাকায়’ আবেদনটি খারিজ করেছেন বিচারক।

বনানীর ওসির বিরুদ্ধে তাবিথের মামলার আবেদন খারিজ

গত সেপ্টেম্বর হামলার পর হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাবিথ আউয়ালকে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2022, 01:09 PM

Updated : 08 Nov 2022, 04:49 PM

ঢাকার বনানী থানার ওসি নূরে আজম মিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে বিএনপি নেতা তাবিথ আউয়ালের করা মামালার আবেদনটি খারিজ করে দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান ‘মামলা হিসেবে গ্রহণের উপাদান না থাকায়’ আবেদনটি খারিজ করে দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল।

বিএনপির এক কর্মসূচিতে নেতাকর্মীদের হামলা থেকে ‘রক্ষা না করে উল্টো হামলাকারীদের পক্ষ নেওয়ার’ অভিযোগে সোমবার আদালতে পুলিশের বিরুদ্ধে ওই মামলার আবেদন করেন তাবিথ।

সেখানে ঢাকার বনানী থানার ওসি নূরে আজম মিয়াকে আসামি করা হয়। তার সঙ্গে আসামির তালিকায় নাম দেওয়া হয় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীর।

আর্জিতে বলা হয়, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ দলের তিন নেতাকর্মী নিহতের প্রতিবাদে গত ১৭ সেপ্টেম্বরে সন্ধ্যায় সারাদেশে মোমবাতি প্রজ্বালনের কর্মসূচি দিয়েছিল বিএনপি। তাবিথসহ নেতা-কর্মীরা সেদিন বনানীতে কর্মসূচি পালনের পর ‘হামলার’ শিকার হন। ওই হামলা ‘আওয়ামী লীগের নেতৃত্বে’ হয়েছিল বলে তাবিথের অভিযোগ।

মামলার আবেদনে বলা হয়, ওই হামলা ঠেকাতে পুলিশের সাহায্য চাইলে পুলিশ উল্টো ‘হামলাকারীদের সাহায্য’ করে। নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে করা মামলার আবেদনে অভিযোগটির বিচার বিভাগীয় তদন্তও চাওয়া হয়। পাশাপাশি ক্ষতিপূরণের আবেদন জানানো হয়।

ওসি ছাড়াও মামলার আরজিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, বনানী থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বনানী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমানকে আসামি করার আর্জি ছিল তাবিথের।

পুরানো খবর:

বনানীর ওসির বিরুদ্ধে মামলার আবেদন তাবিথের

পুরানো খবর:

বনানীতে হামলায় আহত হয়ে বিএনপির তাবিথ হাসপাতালে