২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ‘ফরেন সার্ভিস দিবস’ উদযাপন

অনুষ্ঠানে একাত্তরে কূটনীতিকদের গৌরবময় ভূমিকা তুলে ধরা হয়।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ‘ফরেন সার্ভিস দিবস’ উদযাপন

ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার  ফরেন সার্ভিস দিবস উদযাপনের অনুষ্ঠান হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2023, 01:27 AM

Updated : 19 Apr 2023, 01:27 AM

মুক্তিযুদ্ধের চেতনায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকারের মাধ্যমে ফরেন সার্ভিস দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে দিবসের অনুষ্ঠান আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, “বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বিদেশের মাটিতে অসীম সাহসিকতায় বাংলাদেশি কূটনীতিকগণ দেশকে স্বাধীন করার প্রত্যয়ে যে কূটনৈতিক যুদ্ধ শুরু করেছিলেন, তা বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশি কূটনীতিকগণের জন্য দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত এবং নতুন প্রজন্মের কূটনীতিকদের জন্য দেশ সেবার বিশেষ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”

Image

এ  কে আব্দুল মোমেন

কূটনীতিকদের গৌরবময় অবদানের কথা স্মরণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, “বিদেশের মাটিতে কূটনৈতিক সার্ভিসের লোভনীয় চাকরি ও অন্যান্য সুযোগ সুবিধা বাদ দিয়ে জীবন, জীবিকা ও পরিবারের কথা চিন্তা না করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন এ দেশের কূটনীতিকদের দেশ, দেশের মাটি ও মানুষের প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ।”

Image

শাহরিয়ার আলম

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানের পক্ষ ত্যাগ করে মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য প্রকাশকারী কূটনীতিকদের নাম সম্বলিত একটি সম্মাননা ফলক উন্মোচন করা হয়। সম্মাননা ফলকটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থায়ীভাবে প্রদর্শন করা হবে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল করিম চৌধুরী তার বক্তব্যে মুক্তিযুদ্ধকালীন নবীন কূটনীতিক হিসেবে দেশের জন্য তাদের ভূমিকা তুলে ধরেন।

মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিনি তার চাকরির পেনশনের এক-তৃতীয়াংশ, প্রায় ১০ লাখ টাকা, দিয়ে তার প্রয়াত স্ত্রী মরিয়ম চৌধুরীর নামে একটি উৎসর্গকৃত তহবিল প্রতিষ্ঠার ঘোষণা দেন।

এ তহবিলের পরিচালনায় থাকবে ফরেন অফিস স্পাউস অ্যাসোসিয়েশন (ফোসা) এবং এ তহবিলের অর্থ থেকে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে আনুগত্য প্রদর্শনকারী কর্মচারী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীদের সন্তানদের স্কুল সমাপনী পর্যন্ত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই সরবরাহ করা হবে।

Image

সেলিনা মোমেন

অনুষ্ঠানে ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের (ফোসা) প্রধান পৃষ্ঠপোষক সেলিনা মোমেন বলেন, সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল করিম চৌধুরী মুক্তিযুদ্ধকালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশের জন্য যে সাহসী ভূমিকা রেখেছেন, তা দেশের মানুষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম এবং বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রমকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল খুরশীদ আলম। বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি, ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের (ফোসা) সভাপতি ফাহমিদা জাবিন অনুষ্ঠানে বক্তব্য দেন।