৭ নভেম্বর দেশের ‘গতিপথ নির্ধারণের দিন’: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
“৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনা আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রেরণা ও পাথেয় হয়ে থাকবে,” বলা হয় বিবৃতিতে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে দেশের ‘গতিপথ নির্ধারণের দিন’ হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
শনিবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ১৯৭৫ সালের ৭ নভেম্বর “দেশপ্রেমিক সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের পরাজয় ঘটেছিল।”
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পুলিশ সুপার শামীমা পারভীনের সই করা বিবৃতিটি শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো হয়।
এতে বলা হয়, “১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের গতিপথ নির্ধারণের দিন। ওই সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত করে বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হয়েছিল। একই সঙ্গে জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার হরণ করে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েমের চেষ্টা চলছিল।”
বিবৃতিতে বলা হয়, জাতির ইতিহাসের গভীরতম সংকটে ঐতিহাসিক ও নায়কোচিত ভূমিকা পালনের দিনটিকে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।
এতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথাও তুলে ধরা হয়।
সংগঠনটি বলেছে, “মুক্তিযুদ্ধের সূচনালগ্নে তার ‘স্বাধীনতার ঘোষণা’ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল। একইভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর তার সাহস, দূরদর্শী নেতৃত্ব, ইস্পাতকঠিন মনোবল ও দেশপ্রেম জাতিকে নতুন দিকনির্দেশনা দেয়।
“৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনা আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রেরণা ও পাথেয় হয়ে থাকবে।”
