১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

তিন জেলায় ২০০ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

তাদের মধ্যে ১০৭ জন বগুড়ায়, ২১ জন ঠাকুরগাঁও এবং ৭২ জনক ঝিনাইদহের আদালতে নিয়োগ পেয়েছেন।

তিন জেলায় ২০০ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ
বগুড়া জেলা জজ আদালত, ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 01:57 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

বগুড়া, ঠাকুরগাঁও ও ঝিনাইদহের বিভিন্ন আদালতে সরকারি কৌঁসুলি, অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং পাবলিক প্রসিকিউটরসহ বিভিন্ন পদে ২০০ জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। 

তাদের মধ্যে ১০৭ জন বগুড়ায়, ২১ জন ঠাকুরগাঁও এবং ৭২ জনক ঝিনাইদহের আদালতে নিয়োগ পেয়েছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, “আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত তিনটি নিয়োগাদেশ জারি করা হয়েছে রোববার রাতে।''

আইন কর্মকর্তা হিসেবে যেসব পদে নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হল- সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর।

উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইনের সই করা এই নিয়োগ আদেশে বলা হয়েছে, জেলা তিনটির জেলা ও দায়রা জজ আদালত এবং এর অধীন আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জজ আদালতে আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিল করে তাদের নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা সম্পর্কে নিজ নিজ জেলার জেলা ও দায়রা জজ এবং জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদনের ভিত্তিতে নতুন করে ২০০ আইন কর্মকর্তাকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে আদেশে জানানো হয়।

বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে জিপি ও পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শফিকুল ইসলাম (টুকু) ও মো. আব্দুল বাছেদ। 

ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে জিপি ও পিপি হয়েছেন মোহাম্মদ সারওয়ার হোসেন ও মোহাম্মদ আব্দুল হালিম। 

আর ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে জিপি ও পিপি হয়েছেন মো. মোকাররম হোসেন টুলু ও এসএম মশিয়ুর রহমান।