Published : 16 Jul 2026, 12:35 PM
ঢাকার যাত্রাবাড়ীর এক বাসায় বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটনের দাবি করে পুলিশ বলছে, পাশের ফ্ল্যাটের নির্মাণ কাজের এক শ্রমিক চুরির জন্য এ ঘটনা ঘটিয়েছেন।
বুধবার বিকালে ফারুক নামের ২৭ বছর বয়সি ওই শ্রমিককে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গত ১১ জুলাই যাত্রাবাড়ীর দনিয়া রসুলপুর নগর ভবন সংলগ্ন একটি বহুতল ভবনের ফ্ল্যাটে শাহিদা আক্তার নামের একজন হত্যার শিকার হন। একই সঙ্গে বাসা থেকে স্বর্ণালংকার, ইমিটেশন গহনা ও অন্যান্য মূল্যবান মালামাল চুরি হয়ে যায়। এ ঘটনায় নিহতের মেয়ে পারভীন আক্তার যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

ডিএমপি বলছে, তথ্যপ্রযুক্তির সহায়তা ও ঘটনাস্থলের আলামত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত হিসেবে ফারুককে শনাক্ত করা হয়। তার দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত এক হাতলবিশিষ্ট একটি কাঁচি উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে এক জোড়া ইমিটেশনের বালা, তিনটি গলার হার, এক জোড়া নূপুর এবং কিছু বিদেশি কাগুজে টাকা ও ধাতব মুদ্রা।
পুলিশের ভাষ্য, ফারুক নিহতের পরিবারের পাশের ফ্ল্যাটে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজের সূত্রে তিনি বাসার ভেতরের পরিবেশ ও পরিবারের সদস্যদের চলাফেরা সম্পর্কে অবগত ছিলেন। ঘটনার দিন সুযোগ বুঝে বাসায় প্রবেশ করে শাহিদা আক্তারকে কাঁচি দিয়ে আঘাত করে হত্যা করার পর আলমারিতে থাকা স্বর্ণালংকার, ইমিটেশন গহনা ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যান।