১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্লট বরাদ্দে ‘অনিয়ম’: আবাসন পরিদপ্তরের কর্মচারী কারাগারে

দুদকের একটি দল মঙ্গলবার সকালে সচিবালয়ের কর্মস্থল থেকে তৈয়বুর রহমানকে গ্রেপ্তার করে।

প্লট বরাদ্দে ‘অনিয়ম’: আবাসন পরিদপ্তরের কর্মচারী কারাগারে
মো. তৈয়বুর রহমানকে মঙ্গলবার গ্রেপ্তার করে দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2025, 04:04 PM

Updated : 26 Aug 2026, 11:38 AM

ঊর্ধ্বতন কর্মকর্তাদের সই জাল করে প্লট বরাদ্দ ও অনিয়মের অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী মো. তৈয়বুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব বুধবার এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি দল মঙ্গলবার সকালে সচিবালয়ের কর্মস্থল থেকে তৈয়বুর রহমানকে গ্রেপ্তার করে। একই দিনে তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেয় কমিশন।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সেদিন বলেন, ‘প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এবং দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে’ প্লট বরাদ্দসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তৈয়বুর রহমানের বিরুদ্ধে। 

“সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের একটি এনফোর্সমেন্ট ইউনিট অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ার পরপরই তাকে আটকের সিদ্ধান্ত আসে।”