র্যাব পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে ৫ জন গ্রেপ্তার
দলটি মাসে দুই থেকে তিনটি ডাকাতি করে নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি শেষে নিরিবিলি থাকত, বলছে র্যাব।
গাজীপুরের শ্রীপুরে র্যাব পরিচয়ে শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লাখের বেশি টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১ এর একটি দল রাজধানীর রামপুরা, উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন- হামিম ইসলাম (৪৫), জিন্নাহ মিয়া (২৭), আমিন হোসেন (৩০), রুবেল ইসলাম (৩৩) ও আশিকুর রহমান (৪২)।
হামিম এ ঘটনার মূল হোতা জানিয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, প্রায় চার বছর আগে ডাকাতিকে পেশা হিসেবে বেছে নেওয়া হামিমের ১০ থেকে দুইজনের একটি ডাকাত দল রয়েছে। দলটি মাসে দুই থেকে তিনটি ডাকাতি করে নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি শেষে নিরিবিলি থাকত।
“এই ডাকাত দলের টার্গেট মূলত ব্যাংক পাড়া। তাদের কোনো না কোনো সদস্য ব্যাংকের ভেতর থাকে এবং মোটা অঙ্কের লেনদেনের তথ্য বাইরে অপর সদস্যদের কাছে পৌঁছে দেয়। সময় ও পরিস্থিতি বুঝে তারা কখনও নিজেদের র্যাব, ডিবি পরিচয় দিয়ে টাকা বহনকারী ব্যক্তিকে জিম্মি করে টাকা লুট করে পালিয়ে যায়।”
এক্ষেত্রে তারা একটি মাইক্রোবাস ব্যবহার করে থাকে যেখানে হ্যান্ডকাপ, খেলনা পিস্তল, ডিবি, র্যাবের জ্যাকেট, সাংবাদিক লেখা লোগো রাখে এবং সময়মত ব্যবহার করে থাকে।
র্যাবের মুখপাত্র বলেন, গত ৬ জুন গাজীপুরের শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে র্যাব পরিচয়ে কারখানার ৩ জন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ ও জিম্মি করে শ্রমিকদের বেতন- বোনাস ও ট্রাক ভাড়ার ১৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়েরের পর র্যাব বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
