রংপুরে ৩৪ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ
রংপুর জেলা জজ আদালতের জিপি (সরকারি কৌঁসুলি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. একরামুল হক।
রংপুর জেলার বিভিন্ন আদালতে ৩৪ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সেখানে বলা হয়, “আগে নিয়োগ পাওয়া সকল আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে নিজ নিজ পদের দায়িত্ব থেকেও অব্যাহতি প্রদান করা হয়েছে।”
রংপুর জেলা জজ আদালতের জিপি (সরকারি কৌঁসুলি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. একরামুল হক। একই আদালতে অতিরিক্ত জিপি হিসেবে চারজন এবং সহকারী জিপি হিসেবে তিনজন নিয়োগ পেয়েছেন।
পিপি (পাবলিক প্রসিকিউটর) হিসেবে জেলা ও দায়রা জজ আদালতে একজন, তিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনজন, বিশেষ জজ আদালতে একজন, সাইবার ট্রাইব্যুনালে একজন ও সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে একজন নিয়োগ পেয়েছেন।
পাশাপাশি মানবপাচার অপরাধ ট্রাইব্যুনালে একজন বিশেষ প্রসিকিউটর ও একজন সহকারী বিশেষ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া বিশেষ জজ আদালতে একজন অতিরিক্ত পিপি এবং জেলা ও দায়রা জজ আদালতে নয় জন অতিরিক্ত পিপি ও সাতজন সহকারী পিপি নিয়োগ দেওয়া হয়েছে।
