Published : 10 Sep 2026, 07:14 PM
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘দৃশ্যমান অগ্রগতি’ হওয়ার দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পরিস্থিতির আরও উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা নেওয়ার কথাও সংসদে তুলে ধরেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নূরুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
নূরুল ইসলামের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। খুন, ছিনতাই, অপহরণসহ সব ধরনের অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ তৎপরতা জোরদার করেছে।
জুলাই বিপ্লবের পর ‘ভঙ্গুর দশা’ থেকে পুলিশের মনোবল ফিরিয়ে এনে পূর্ণ শক্তিতে কাজ করার উপযোগী করা হচ্ছে বলে তুলে ধরেন সালাহউদ্দিন।
তার আশা, জনগণের সহায়তায় পরিকল্পনা অনুযায়ী দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও দৃশ্যমান অগ্রগতি হবে।
সিসিটিভি নজরদারিতে আসবে ঢাকা
ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা শহরকে সিসিটিভি মনিটরিং সিস্টেমের আওতায় আনতে ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং ইন ডিএমপি’ শীর্ষক একটি প্রকল্প নেওয়া হয়েছে।
প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় রয়েছে।
প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপির ওপর বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পটির ডিপিপি পুনর্গঠনের কাজ চলছে।
প্রকল্পটি একনেকে অনুমোদন পেলে পুরো ঢাকা মহানগর এলাকাকে সিসিটিভি মনিটরিং সিস্টেমের আওতায় আনার সুযোগ তৈরি হবে বলে তুলে ধরেন তিনি।
সাড়ে ছয় মাসে ৬০,৫৯৮ মাদকবিরোধী অভিযান
সংরক্ষিত আসনের সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের সময়ে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ অগাস্ট পর্যন্ত সারাদেশে ৬০ হাজার ৫৯৮টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৮ হাজার ৪০টি মামলা হয়েছে।
গ্রেপ্তার করা হয়েছে ১৮ হাজার ৮৫৮ জন মাদক চোরাকারবারিকে।
স্লিপার বাসে রূপান্তর, কিছু ডাবল ডেকারের নিবন্ধন বাতিল
রাজশাহী-৪ আসনের আব্দুল বারী সরদারের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, বিআরটিএর তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন মহাসড়কে ৮২৯টি ডাবল ডেকার বাসের বৈধ অনুমতি রয়েছে।
তবে কিছু অসাধু বাসমালিক ডাবল ডেকার বাসের বডির ধরন পরিবর্তন করে সেগুলোকে ডাবল ডেকার ‘স্লিপার বাসে’ রূপান্তর করে মহাসড়কে চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এ ধরনের বাসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকটির নিবন্ধন বাতিল করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।