Published : 07 May 2026, 05:57 PM
নিজের নির্ধারিত আদালতের বাইরে গিয়ে বিভিন্ন মামলায় ‘প্রভাব বিস্তারের’ চেষ্টার অভিযোগ ওঠার পর ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সতর্ক করেছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেলের নজরে এসেছে যে বিভিন্ন আদালতে কর্তব্যরত কতিপয় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল নিজ নিজ আদালত ছেড়ে অন্য আদালতে বিচারকাজ চলাকালে উপস্থিত হন। তারা অন্য বিভিন্ন মামলায় ‘প্রভাব বিস্তার করার চেষ্টা করেন’।
এই পরিস্থিতিতে বিচারিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সংশ্লিষ্ট সকলকে আদালত চলাকালীন নিজ নিজ আদালত ব্যতীত অন্য কোনো আদালতে গমন না করতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হল।”
সুপ্রিম কোর্টের হাই কোর্ট ও আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং সহকারী অ্যাটর্নি জেনারেলরা (এএজি) দায়িত্ব পালন করেন। তাদের প্রত্যেককে দৈনন্দিন শুনানির জন্য সুনির্দিষ্ট বেঞ্চ বা আদালত নির্ধারণ করে দেওয়া থাকে।