০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার

জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চাইবে পুলিশ।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2024, 01:12 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৩টার দিকে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ জানিয়েছেন।

জ্যোতিকে আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চাইবে পুলিশ।

পুলিশ সুপার মুঈদ বলেন, "ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার আদালতে হাজির করে আমরা রিমান্ড চাইবো।"

স্বরাষ্ট্রমন্ত্রীর দুই সন্তানের মধ‌্যে একমাত্র ছেলে জ‌্যোতি পারিবারিক ব‌্যবসা প্রতিষ্ঠান ‘সাভার রিফ্রাক্টরিজ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক।

গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক কয়েকজন মন্ত্রী এবং আওয়ামী লীগের কয়েকজন নেতা গ্রেপ্তার হলেও আসাদুজ্জামান খান কামাল এখন পর্যন্ত লোকচক্ষুর আড়ালে রয়েছেন।

তবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তাদের ছেলে-মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের বিদেশ যাত্রাও নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 

এছাড়া কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে জনবল নিয়োগ, বদলি ও পদায়নের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের একটি অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক।

আসাদুজ্জামানের দুর্নীতির নিয়ে দুদকে দেওয়া অভিযোগে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি ঘুষ হিসেবে ‘বস্তা বস্তা’ টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এ টাকা আদায় করা হত।