Published : 29 Aug 2026, 01:59 PM
জুলাই অভ্যুত্থানে শহীদ এবং গুম-খুনের শিকার হওয়া পরিবারের ৭৪ জন সদস্য এবার চাকরি পেলেন।
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবী হলে শনিবার দুপুরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ৭৪ জনের চাকরির ব্যবস্থা করা হয়েছে, এরমধ্যে ১০ জনের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়োগপত্র তুলে দেন।
তারা হলেন, গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা।
জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা দৃষ্টিশক্তি হীন আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলম।
তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা গুম-খুনের সঙ্গে জড়িতদের দোষীদের বিচার দাবি জানিয়েছেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এর আগেও জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের ১০ সদস্যের হাতে চাকরিরর নিয়োগপত্র তুলে দেন সরকার প্রধান।
অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু. সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারি প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির, বিএনপি আমার পরিবারের সদস্য মোকছেদুল মোমিন মিথুন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।