দিনাজপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
দিনাজপুর-দশমাইল মহাসড়কের নশিপুরে এ ঘটনা ঘটে।
দিনাজপুর সদর উপজেলায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে চারজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার দুপুর ২টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কে উপজেলার নশিপুরে গম গবেষণা ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান।
নিহতরা হলেন- মর্জিনা খাতুন (৫৫) এবং সাজিয়া বেগম (১৫)। শিশুসহ নিহত অপর দুইজনের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই একই পরিবারের সদস্য।
আহত ইজিবাইক চালক রুবেল (২৫) ও মকবুলকে (৭০) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দশমাইল হাইওয়ে থানার এসআই রেজাউল ইসলাম বলেন, দিনাজপুর শহর থেকে একটি ইজিবাইকে করে যাত্রীরা কাহারোল উপজেলার কান্ত নগরে কান্তজিউ রাস মেলা দেখতে যাচ্ছিল। পথে দিনাজপুর অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
ঘটনার পরপর রাস্তার পাশে বাস ফেলে রেখে চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
