Published : 20 Aug 2026, 06:42 PM
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন।
বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার কয়েক মিনিটের মধ্যে ঢাকায় চীনা দূতাবাসের ফেইসবুক পেইজ থেকে অভিনন্দন জানানো হয়।
সেখানে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অনেক গুরুত্ব দেয়। নতুন যুগে যৌথ প্রচেষ্টায় ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ার ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত চীন, যাতে দুই দেশ ও জনগণের বড় রকমের উপকার হয়।
বৃহস্পতিবার বাংলাদেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫টি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার প্রতিদ্বদ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
এর মধ্য দিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনে যাচ্ছেন বিএনপির দুর্দিনের কান্ডারি মির্জা ফখরুল।