Published : 04 Oct 2024, 09:12 PM
সরকার পতনের দিন ঢাকার আদাবরে প্রাণহানির ঘটনায় করা মামলায় রিমান্ড শেষে জাতীয় দলের সাবেক ফুটবলার এবং খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক। অন্যদিকে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী এহেসানুল হক সমাজী। শুনানি শেষে তাকে কারাগারে পাঠান হাকিম মো. সাইফুদ্দীন হোসাইন।
পরে আইনজীবীর আবেদনে করলে সালাম মুর্শেদীকে কারাগারে ডিভিশন ও যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন বিচারক।
সরকার পতন আন্দোলনের সময় পোশাক শ্রমিক মো. রুবেলের প্রাণহানির ঘটনায় রাজধানীর আদাবর থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ২ অক্টোবর সালাম মুর্শেদীকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
সেদিন তদন্ত কর্মকর্তা তাকে ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করলে ঢাকার মহানগর হাকিম মো. আক্তারুজ্জামান ২ দিনের রিমান্ডে পাঠান।
মামলার বিবরণে বলা হয়, গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবর থানাধীন রিংরোড এলাকায় মিছিল বের করে। এসময় পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ এবং মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়।
রুবেল বুকে ও পেটে গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় ২২ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম মামলা করেন। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পাশাপাশি ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবং ব্যারিস্টার সায়েদুল হক সুমনকেও আসামি করা হয়েছে।