২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোস্টাল ভোটিং: ‘স্বচ্ছ ধারণা’ দিতে দলগুলোর কারিগরি প্রতিনিধিদের ডেকেছে ইসি

দলগুলোর দুজন করে প্রতিনিধি এবং স্বতন্ত্র প্রার্থী নিজে কিংবা তার মনোনীত ব্যক্তিকে অনুষ্ঠানে যোগ দিতে অনুরোধ করেছে কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 07:34 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

‎পোস্টাল ব্যালটে ভোট নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে সব রাজনৈতিক দলের ‘টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন’ প্রতিনিধিদের ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয় সোমবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, মঙ্গলবার বিকাল ৪টা থেকে দেড় ঘণ্টা নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) ব্রিফিং হবে। সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রমের ‘স্বচ্ছ ধারণা’ দেওয়া হবে।

নিবন্ধিত রাজনৈতিক দলের ‘টেকনিক্যাল’ জ্ঞানসম্পন্ন দুজন করে প্রতিনিধি এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থী নিজে অথবা তার মনোনীত ‘টেকনিক্যাল’ জ্ঞানসম্পন্ন উপযুক্ত প্রতিনিধিকে অনুষ্ঠানে যোগ দিতে অনুরোধ করেছে কমিশন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫১ দল ও স্বতন্ত্র মিলে দুই হাজারেরও বেশি প্রার্থী রয়েছেন। ‎আগামী ১২ ফেব্রুয়ারি এ নির্বাচন ও গণভোট হবে।

আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দর পর ২২ জানুয়ারি থেকে ভোটের প্রচার-প্রচারণা শুরু হবে। ‎প্রতীক বরাদ্দের পর দেশ ও দেশের বাইরে থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করা ভোটাররা ভোট দেওয়া শুরু করতে পারবেন।