লন্ডনে তথ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেস সদস্যের বৈঠক
জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন হাছান মাহমুদ।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সাবেক সদস্য রবার্ট পিটেনজারের সঙ্গে লন্ডনে বৈঠক হয়েছে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের।
রিপাবলিকান দলের নেতা পিটেনজার পার্লামেন্টারি সিকিউরিটি-ইন্টেলিজেন্স ফোরামের (পিএসআইএফ) চেয়ারম্যান পদে রয়েছেন, যে প্রতিষ্ঠানটি নিরাপদ বিশ্বের লক্ষ্যে বিভিন্ন দেশের পার্লামেন্টারিয়ানদের নিয়ে কাজ করে।
লন্ডনে ৩১ সেপ্টেম্বর থেকে দুদিনব্যাপী পিএসআইএফ সম্মেলন হচ্ছে। সেই সম্মেলনে অংশ নিতে সফররত তথ্যমন্ত্রীর সঙ্গে বুধবার লন্ডনের ম্যারিয়ট হোটেলে পিটেনজারের বৈঠক হয় বলে তথ্য মন্ত্রণালয় থেকে জানান হয়েছে।
বৈঠকে রবার্ট পিটেনজার দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদারোঅভিহিত করেন এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন।
হাছান মাহমুদ বলেন, "বৈঠকে রবার্ট পিটেনজার বলেছেন, বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক অগ্রগতি আমরা লক্ষ্য করছি।”
দুই দেশের উন্নয়ন-অগ্রগতি এবং জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন হাছান মাহমুদ।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমও এ সময় উপস্থিত ছিলেন।
