১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেলপথ ধরে হাঁটার সময় খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

“আহত কিশোরের অবস্থা আশংকাজনক।”

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2025, 06:23 PM

Updated : 26 Aug 2026, 12:38 PM

ঢাকার খিলক্ষেত রেলগেইট এলাকায় রেলপথ ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত ও এক কিশোর আহত হয়েছেন।

শনিবার বিকাল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনার এক কিশোরের আহত হওয়ার তথ্যও দিয়েছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলী।

তিনি বলেন, “তারা রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় কমলাপুরগামী সুরমা মেইলের ধাক্কায় ঘটনাস্থলে ২৫ বছর বয়সী এক যুবক মারা যান।

“একই সময় আহত অবস্থায় ১২ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতাল এবং বিকাল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।”

হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই মোহাম্মদ আলী।

চিকিৎসকের বরাতে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “আহত কিশোরের অবস্থা আশংকাজনক।”