ঢাকার ৮ থানার ওসি বদলি
কোটা সংস্কার আন্দোলন সহিংস রূপ পাওয়ার পর গত পাঁচ দিনে সারা দেশে দেড় শতাধিক মানুষের মৃত্যুর খবর এসেছে সংবাদমাধ্যমে।
কোটা আন্দোলনে ব্যাপক সহিংসতার পর ঢাকা মহানগর পুলিশের আট থানার ওসিকে বদলি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) হাফিজ আক্তার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “পুলিশ সদর দপ্তর থেকে আট থানার ওসিকে বদলি করার আদেশ আমরা পেয়েছি।”
কোন কোন থানার ওসিকে বদলি করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য তিনি দেননি। তবে তিনি বলেন, ওই আদেশের পর তারা তিনজনকে পদায়ন করেছেন।
খিলক্ষেত থানার ওসি হুমায়ুন কবীর জানিয়েছন, তাকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তার জায়গায় এসেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর।
মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুর হক ভুঞা জানান, তাকেও ট্যুরিস্ট পুলিশের বদলি করা হয়েছে।
ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম জানান, তিনি বদলির আদেশ শুনেছেন। তবে বিকাল পর্যন্ত আদেশ হাতে পাননি।
কাফরুল থানার ওসি ফারুকুল আলম জানান, তাকে শিল্প পুলিশে পাঠানো হয়েছে তার জায়গায় আসছেন রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা।
আর কদমতলী থানার ওসি আজাদ আবুল কালাম জানান, তাকে বদলি করা হয়েছে ঢাকা রেঞ্জে।
কোটা সংস্কার আন্দোলন সহিংস রূপ পাওয়ার পর গত পাঁচ দিনে সারা দেশে দেড় শতাধিক মানুষের মৃত্যুর খবর এসেছে সংবাদমাধ্যমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কারফিউ জানি করে সেনা মোতায়েন করেছে।
