২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন যেন হয় আগামীর বাংলাদেশে

শিশু সন্তানকে হাত ধরে নিয়ে বাবা এসেছেন মুক্তিযুদ্ধের ইতিহাসের দ্বারে। দাদার কোলে চড়ে এসেছে নাতনী। হুইলচেয়ারে করে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন শারীরিকভাবে অক্ষম অনেকে।

মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন যেন হয় আগামীর বাংলাদেশে

দাদার কোলে চড়ে জাতীয় স্মৃতিসৌধে এসেছে মুনিয়া

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2023, 11:52 AM

Updated : 16 Dec 2023, 11:52 AM

অর্থনৈতিক সমৃদ্ধের পাশাপাশি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানানোর মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।

পৌষের প্রথম প্রহরে লাল সবুজের রঙে সেজেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত স্মৃতির স্তম্ভ।

শিশু সন্তানকে হাত ধরে নিয়ে বাবা এসেছেন মুক্তিযুদ্ধের ইতিহাসের দ্বারে। দাদার কোলে চড়ে এসেছে নাতনী। হুইলচেয়ারে করে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন শারীরিকভাবে অক্ষম অনেকে। কেউবা আসেন গান গাইতে গাইতে, ড্রাম ও বিউগলের তালে দেশগানের সুরে মাতিয়েও।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের আদর্শকে এগিয়ে নিয়ে যাবে এমন রাজনীতিকদেরই রাষ্ট্র পরিচালনায় দেখতে চাওয়ার আকাঙ্ক্ষাও উঠে আসে নানাজনের কথায়।

শনিবার সূর্যোদয়ের পরপরই জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ বেদীতে ফুল দিয়ে তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন।

Image

বাবার সঙ্গে স্মৃতিসৌধে মুসকান

এ সময় ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বিউগলে করুণ সুর বাজানো হয় এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায়।

জাতীয় সংসদের স্পিকার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, ৩ বাহিনীর প্রধান ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকরা এ সময় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান৷

প্রথম প্রহরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন৷ একাত্তরের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও বাংলাদেশ যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশও শ্রদ্ধা জানান।।

মন্ত্রীপরিষদ বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানদের নিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম৷

সকাল সোয়া ৭টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর স্মৃতিসৌধের দ্বার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ার পর সর্বস্তরের মানুষের ঢল নামে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বাংলাদেশে যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। 

সকাল পৌনে ১০ টায় বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন সেলিমা রহমান ও নিপুণ রায়সহ অনেকে।

Image

হইলেচেয়ারে করে শ্রদ্ধা জানাতে আসেন অনেকেই

পরে সাংবাদিকদের আব্দুল মঈন খান বলেন, “৫২ বছর পর আজকে আমরা কোন বিজয় উদযাপন করতে এসেছি? সেটি আজকে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে হবে। এটা কিসের বিজয়? এটা কি একনায়কতন্ত্র শাসনের বিজয়? নাকি এখানে এমন একটি সরকার চলছে, যারা মানুষকে কথা বলতে দেয় না, যারা মানুষকে ভোট দিতে দেয় না। যারা মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে ব্যর্থ হয়েছে।”

তিনি বলেন, “আজকে আওয়ামী লীগ এদেশের কোটি কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গণতন্ত্রের অপমৃত্যু ঘটিয়েছে। তারা চরম দুর্বৃত্তায়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আজকে স্বাধীনতার ৫২ বছর পর এসে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে এই প্রশ্ন করতে হবে যে, আওয়ামীলীগ যদি দাবি করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাহলে কেন তারা মুক্তিযুদ্ধের আদর্শকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশে একদলীয় স্বৈরাচারী সরকার কায়েম করেছে? এই প্রশ্নের জবাব আওয়ামী লীগকে দিতে হবে।”

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “রাজনীতির নামে যারা দুর্বৃত্তায়িত রাজনীতি করছে, তারাই বাংলাদেশকে একটি লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। তাদের কারণে একটি বৈষম্যের বাংলাদেশ হয়েছে। আজকে মুক্তিযুদ্ধের চেতনায় যদি জাগ্রত হতে হয় তাহলে একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে।”

ইতিহাসে জানতে এসেছে নতুন প্রজন্ম

বাবার হাত ধরে স্মৃতিসৌধে ঘুরে বেড়াতে দেখা যায় আনিসা আক্তার মুসকানকে। সাভার নবীনগর থেকে আসা মুসকান স্থানীয় দারুল হুদা বালিকা মাদ্রাসায় ক্লাস টুতে পড়ছে।

মুসকান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “শহীদদের শ্রদ্ধা জানাইতে আসছি।”

মুসকানের বাবা আব্দুল আহাদ মোল্লা বলেন, “এখানে আমরা আসি, কিন্তু ইতিহাস জানি না। শুধুমাত্র দেশপ্রেম থেকে মেয়েকে নিয়ে এসেছি। মেয়েকে নিয়ে বিভিন্ন দিবসে আসি। অন্যদিনও আসি। কিন্তু দিবস ধরে আসলে মেয়ের মধ্যে নানা রকম প্রশ্ন জাগে, সেগুলো বোঝানোর চেষ্টা করি।”

দাদার কোলে চড়ে প্রথমবার স্মৃতিসৌধে এসেছে মুনিয়া ফরাজি। স্মৃতিসৌধে এসে অনেক ভালো লাগছে বলে জানায় সে। তার হাতে দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকা।

মুনিয়ার দাদা পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন বলেন, “আজকে আমার ছুটি, এজন্য নাতনীকে এখানে এসেছি। বাংলাদেশ যারা জন্ম দিয়েছেন, আমি চাই নাতনী যেন তাদের শ্রদ্ধা করতে শেখে।”

হৃদয় দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর আহ্বান

শ্রদ্ধা জানাতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম মাসুদ কামাল বলেন, “তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে না পারলে শহীদদের আত্মত্যাগের আদর্শ প্রতিষ্ঠা করা যাবে না। তরুণ প্রজন্মের কাছে ইতিহাসকে পৌঁছে দিতে হবে, তবেই তারা স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে নিবেদিত হবে। আমরা যে অর্থনৈতিক মুক্তির কথা বলছি, সেটিও অর্জন করা যাবে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম বলেন, “মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতিদান দেওয়া সম্ভব নয়। কিন্তু তারা যে চিন্তা থেকে যুদ্ধ করেছেন তা আমাদের ধারণ করা উচিত। আমাদের প্রত্যয় হতে হবে, আমরা সেটাকে রক্ষা করব, গ্রহণ করব এবং বাস্তবায়ন করব।”

বাংলা একাডেমির পরিচালক ও কবি সরকার আমিন বলেন, শহীদদের স্মরণ করতে হবে হৃদয় দিয়ে। আমার কেন জানি মনে হচ্ছে, আমরা ঠোঁট থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করছি। মুক্তিযুদ্ধের ইতিহাস অনসন্ধানের পাশাপাশি শহীদদের শ্রদ্ধা জানাতে হবে হৃদয় দিয়ে।”

গবেষক সাইমন জাকারিয়া বলেন, “মুক্তিযুদ্ধে যে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল, আমাদের লোকায়িত কবি-সাধকদেরও অংশগ্রহণ ছিল- তাদের মূল্যায়ন করাও জরুরি। মুক্তিযুদ্ধের ইতিহাস পূর্ণাঙ্গ হবে না যদি সাধারণ মানুষের অংশগ্রহণের কথা উঠে না আসে। যুদ্ধের দিনগুলোতে সাধক কবিদের পুঁথিসহ নানা পরিবেশনা মুক্তিযুদ্ধে উদ্দীপনা যুগিয়েছে।”

হুইলচেয়ারে এসেছিল তারা

হুইলচেয়ারে করে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছিলেন পক্ষঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র-সিআরপির প্রায় এক ডজনেরও বেশি পক্ষাঘাতগ্রস্ত।

তাদের মধ্যে আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রদ্ধা জানাতে এসেছি। আমি দেশকে খুব ভালোবাসি, তাই যারা দেশের জন্য আত্মত্যাগ করেছে তাদের ফুল দিতে এসেছি। দেশ সামনে অনেক এগিয়ে যাবে, এই প্রত্যাশা করছি এই মুহূর্তে।”

সিআরপি থেকে আসা সদস্যদের সমন্বয়ক সমাজকর্মী জেরাল্ড রায় পলাশ বলেন, “মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের যারা প্রক্ষাগাতগ্রস্ত তারাও প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মত মুক্তিযোদ্ধাদের প্রাণভরে স্মরণ করতে এসেছে৷ আমাদের প্রয়াস হুইল চেয়ার নিয়ে যারা চলে তাদেরকে নিয়ে স্মৃতিসৌধে ফুল দেওয়া।”