১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিরপুর বাজার থেকে জব্দ জেলি মিশ্রিত ৪০ কেজি চিংড়ি ধ্বংস

অভিযানে মাছ, মাংস, মুরগি, শাক-সবজি ও মুদি দোকানে পণ্য বিক্রিতে বেশকিছু অসঙ্গতি পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 06:27 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

রাজধানীর মিরপুরে শাহ আলী কাঁচাবাজারে অভিযান চালিয়ে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি ভরা ৪০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

মঙ্গলবার কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। 

বিএফএসএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে মাছ, মাংস, মুরগি, শাক-সবজি ও মুদি দোকানে বেশকিছু অসঙ্গতি পাওয়া গেছে।

৪০ কেজি চিংড়ি জব্দের তথ্য দিয়ে সেখানে বলা হয়, “ব্যবসায়ীরা ওজন বাড়াতে চিংড়িতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই জেলি পুশ করে৷ এর বাইরে একটি দোকানে অসুস্থ খাসির কলিজা বিক্রি করতে দেখা যায়৷ পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে সেসব কলিজা জব্দ ও ধ্বংস করা হয়েছে।” 

অভিযানের সময় বেশিরভাগ মাছ, মাংস ও সবজির দোকানে পণ্যের মূল্য তালিকা পাওয়া যায়নি৷ মাছ ও মাংসের দোকানে লাল লাইটের ব্যবহার দেখা গেছে, যা তাৎক্ষণিক অপসারণ করা হয় বলেও তথ্য দিয়েছে বিএফএসএ।

এমন অসঙ্গতি আগামী ৩০ দিনের মধ্যে সংশোধন করতে বাজারের মালিক সমিতিকে নির্দেশ দেওয়া হয়। অন্যথায় পরবর্তী অভিযানে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। 

অভিযানের নেতৃত্ব দেওয়া বিএফএসএ উপপরিচালক বি এম রুহুল আমিন রিমন বলেন, “সরকারের অন্যান্য দপ্তরের সমন্বয়ে প্রতিমাসে একবার করে এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়৷ তারই ধারাবাহিকতায় মিরপুরের শাহ আলী কাঁচা বাজারে অভিযান চালান হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”