২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাসের বাঁক বদলে দিয়ে শিক্ষার্থীরা ফিরছে ক্লাসে

“আমরা চাই শিক্ষার স্বাভাবিক পরিবেশ থাকবে। ক্ষমতার পালাবদলে নতুন করে ছাত্র সংগঠনগুলো যেন সংঘাতে জড়িয়ে না পড়ে, সেদিকেও সবার সতর্ক থাকা উচিত,” বলেন একজন শিক্ষার্থী।

ইতিহাসের বাঁক বদলে দিয়ে শিক্ষার্থীরা ফিরছে ক্লাসে
সরকার পতনের পর পুলিশবিহীন ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নামে শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 12:54 AM

Updated : 26 Aug 2026, 10:16 AM

তারুণ্যের দ্রোহ আর প্রাণঘাতি সংঘাতের দিন পেরিয়ে এক মাস পর খুলতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান।

ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতন ঘটিয়ে, ইতিহাসের বাঁক বদলে দিয়ে রোববার শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে।

অভিভাবকদের আশা, শিক্ষাঙ্গনে এবার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে, শিক্ষার ঘাটতি কাটিয়ে উঠতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নজর দেবে।

আদালতের এক রায়ের পর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুন মাসের প্রথম সপ্তাহে আন্দোলনে নামে শিক্ষার্থীরা, জুলাইয়ে যা সহিংস রূপ ধারণ করে।

১৬ জুলাই ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে শিক্ষার্থী-পথচারীসহ ছয়জনের প্রাণ যায়। উদ্বেগজনক পরিস্থিতিতে সেদিন রাতেই সারা দেশে স্কুল, কলেজ, পলিটেকনিকসহ সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়।

পরদিন সকালে আট বিভাগীয় শহরের সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়। পরিস্থিতির অবনতি হলে পরে সারাদেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেয় সরকার।

গত ৪ অগাস্ট থেকে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত হলেও পরিস্থিতি খারাপের দিকে গেলে তা স্থগিত করা হয়।

ঢাকামুখী জনতার জোয়ারের মধ্যে ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। পরদিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ৭ অগাস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেয়।

তবে থানাগুলো পুলিশশূন্য থাকায় দেশজুড়ে অরাজক পরিস্থিতির তৈরি হয়। আরেকদফা হত্যা ও সহিংসতার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই থাকে। এই সময়ে শিক্ষার্থীদের লাঠি হাতে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতেও দেখা যায়। 

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর বৃহস্পতিবার সরকার রোববার থেকে ক্লাস শুরুর জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়।

এর আগে গত মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম পুরোদমে চালুর নির্দেশনা দেয়।

কোটা সংস্কার ও সরকারবিরোধী আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতিতে এই এক মাসে এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোও বিঘ্নিত হয়েছে। 

স্থগিত পরীক্ষাগুলো আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরুর জন্য ইতোমধ্যে নতুন সূচি ঘোষণা করা হয়েছে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সহিংসতার প্রভাব যেন বিশ্ববিদ্যালয়ে না থাকে, সেটাই তার প্রত্যাশা। 

“আন্দোলনের সময় নানা ঘটনা ঘটেছে। এসব নিয়ে ক্ষোভও থাকতে পারে। তবে আমরা চাই শিক্ষার স্বাভাবিক পরিবেশ থাকবে। ক্ষমতার পালাবদলে নতুন করে ছাত্র সংগঠনগুলো যেন সংঘাতে জড়িয়ে না পড়ে, সেদিকেও সবার সতর্ক থাকা উচিত।”

এক মাসের বিরতিতে শিক্ষার্থীদের ক্ষতির বিষয়ে শিক্ষকদের যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা।

মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অভিভাবক রাফি মাহমুদ বলেন, “বাচ্চাদের পড়ার অনেক ক্ষতি হয়েছে। এখন তাদের পড়ার মানসিকতাই নেই। তারা যাতে মানসিকভাবে দূরত্ব কাটিয়ে ওঠতে পারে, সেদিকে আশা করি শিক্ষকরা সহযোগিতা করবেন।

“এ বছর শীতে-গরমে বেশ কিছুদিন স্কুল বন্ধ ছিল। আবার এক মাস সময়ও কম না। এত ঘাটতি কাটানো তো কঠিন। এরপরও স্কুলগুলো চাইলে ক্ষতিটা কমিয়ে আনতে পারবে।”