Published : 16 Jul 2026, 06:34 PM
খুলনায় সাংবাদিকদের ‘আড্ডাস্থল’ লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার ‘ওপর আঘাত’ হিসেবে অভিহিত করে জড়িতদের চিহ্নিত করার দাবি জানিয়েছ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলছে, এ ঘটনায় মামলা করতে ‘দ্বিধা’ সাংবাদিকদের মধ্যে থাকা ‘ভীতির সংস্কৃতি ও আস্থার সংকটের প্রতিফলন’।
গেল মঙ্গলবার রাতে খুলনার জাতিসংঘ শিশুপার্কের পাশে এক চায়ের দোকানে আড্ডার সময় গুলির ঘটনা ঘটে। এ সময় একটি গুলি পাশে থাকা একটি চেয়ারে আঘাত করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনার সময় সেখানে চার সাংবাদিক ও বিএনপির স্থানীয় এক নেতা উপস্থিত ছিলেন। অল্পের জন্য তারা রক্ষা পেলেও গুলির ‘স্প্লিন্টারের আঘাতে’ একজন সাংবাদিক সামান্য আহত হয়েছেন।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “হামলাটি কোনো নির্দিষ্ট সাংবাদিককে লক্ষ্য করে বা কোনো বিশেষ প্রতিবেদন প্রকাশের কারণে সংঘটিত হয়েছে কিনা, তা এখনো স্পষ্ট নয়। তবে সাংবাদিকদের ওপর এই সশস্ত্র হামলা সামগ্রিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর আঘাত, এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই।”
এ ঘটনায় মামলা দায়ের করাই ‘যথেষ্ট নয়’ মন্তব্য করে তিনি বলেন, “হামলার প্রকৃত উদ্দেশ্য কী, হামলাকারী কারা, কার নির্দেশে হামলা হয়েছে এবং সাংবাদিকদের পেশাগত কাজের সঙ্গে এর যোগ রয়েছে কিনা, এসব প্রশ্নের বিশ্বাসযোগ্য উত্তর নিশ্চিত করতে হবে। নয়ত অতীতের মতো বিভিন্ন সময়ের মতো এ ঘটনাও বিচারহীনতার তালিকায় যুক্ত হওয়ার ঝুঁকিতে থাকবে।”