৫ মাস পরে নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
"রাজনীতিতে অনেকে অনেক কথা বলেন, এটা তাদের জিজ্ঞাসা করতে পারেন। … আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি।"
পাঁচ মাস পরে জাতীয় নির্বাচন হবে ধরে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার রাজধানীর উত্তরায় শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন করেন।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই– বিভিন্ন রাজনৈতিক দলের এমন পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, "রাজনীতিতে অনেকে অনেক কথা বলেন, এটা তাদের জিজ্ঞাসা করতে পারেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি উনাদের প্রশ্নের উত্তর দেব না। আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি।"
রাজনৈতিক দলগুলোর বক্তব্যের সঙ্গে একমত কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, "তাদের সাথে না, আমি আমাদের প্রস্তুতি নিয়ে যাচ্ছি। যেহেতু আরো সময় আছে পাঁচ- ছয় মাসের মত, আমরা প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি।"
কোরবানি ঈদের আগের দিন জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছিলেন।তবে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সেই সময় তিনি এগিয়ে আনেন।
সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেও ভোট হতে পারে বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো অসুবিধা হবে বলে তিনি মনে করেন না।
তিনি বলেন, “নির্বাচনটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। নির্বাচনে প্রশাসনে যারা কর্মকর্তা-কর্মচারী আছেন, তারা ছাড়াও নির্বাচন কমিশন এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকলের দায়িত্ব রয়েছে।
"সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করছেন। আমাদের প্রস্তুতি ঠিক আছে। আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই।"
দেশের বিভিন্ন স্থানে ‘মবের নামে সন্ত্রাসের’ ব্যাপারে প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, "মব কিছুটা কমে আসছিল। বাট পরে আবার এই দুই তিন দিন আগে কুমিল্লা একটা ঘটনা ঘটেছে, চিটাগাং একটা ঘটনা ঘটেছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটেছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যেন আর না ঘটে সে ব্যাপারে আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি। এটার সঙ্গে যারা যারা জড়িত তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
মবের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্য, "গ্রেপ্তার করার সমস্যাটা হচ্ছে যে অন্যায় করে সে ওই এলাকায় সহজে থাকে না সে তো পালিয়ে যায়। খুঁজে বের করতে একটু সময় দিতে হবে।"
লালমনিরহাটে দুটি থানায় হামলা প্রসঙ্গে তিনি বলেন, "সেখানে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে, সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে, বিজিবি সংখ্যা বাড়ানো হয়েছে।"
শিল্প পুলিশে গত জুলাই-অগাস্টের পর যে সমস্যা হয়েছিল, সেটা এখন কাটিয়ে ওঠা গেছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, "ইন্ডাস্ট্রির সংখ্যা বেড়ে যাওয়ায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল এবং সরঞ্জাম বৃদ্ধি করতে হবে।"
