আন্দোলনে সহিংসতা: র্যাবের হাতে ধরা ২৬৬ জন
দুর্বৃত্ত মোকাবিলায় হেলিকপ্টার থেকে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেও কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি র্যাব।
কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে ব্যাপক সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সারাদেশ থেকে ২৬৬ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
শুক্রবার র্যাব এক বার্তায় জানায়, তারা সাম্প্রতিক নাশকতা, সহিংসতা এবং অগ্নি সংযোগের ঘটনায় ঢাকায় ৬৩ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া ঢাকার বাইরে আরও ২০৩ জনকে গ্রেপ্তার করেছে সংস্থার বিভিন্ন ইউনিট।
এর আগে র্যাব জানিয়েছিল, সহিংসতা ও নাশকতার সময় শিশু-কিশোরদের ঢাল হিসেবে ব্যবহার করে রাস্তা অবরোধ করে ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। এসব ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছালে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এসব প্রতিবন্ধকতা দূর করতে এবং সবার জানমাল রক্ষায় র্যাব হেলিকপ্টার থেকে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেও কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি বলে সংস্থাটির ভাষ্য।
কোটা আন্দোলনের মধ্যে সেতু ভবন, বিআরটিএ ভবন, দুর্যোগ ভবন, স্বাস্থ্য অধিদপ্তর, মিরপুর ইনডোর স্টেডিয়াম, মেট্রোরেলের দুটি স্টেশন, বিটিভি, হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা, মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর স্টেশন, এলিভেটেড এক্সপ্রেস ওয়ের মহাখালী অংশ, ফায়ার সার্ভিস স্টেশন, পুলিশ স্টেশন, বনশ্রী পিবিআই অফিস, উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ি, উত্তরা ও মোহাম্মদপুর কমিউনিটি, মহাখালীন ডিএনসিসি হাসপাতাল, নরসিংদী কারাগারে হামলা, অগ্নিসংযোগ করা হয়।
