২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

'রুকন’ না হলে চাকরি থাকবে না, বলেননি মহাপরিচালক: ইসলামিক ফাউন্ডেশন

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2025, 09:22 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

কোনো নির্দিষ্ট দলের ‘রুকন’ না হলে চাকরি থাকবে না— এমন কথা ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেননি বলে সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

শনিবার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক কখনোই এমন বক্তব্য দেননি যে, চাকরি টিকিয়ে রাখতে কোনো সংগঠনের রুকন হওয়া আবশ্যক।

"এ ধরনের বিভ্রান্তুমূলক তথ্য প্রচারের মাধ্যমে সাধারণ মানুষ ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের মনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।"

এদিন জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তোলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বলছে, রিজভীকে সম্ভবত এ বিষয়ে ভুল তথ্য সরবরাহ করা হয়েছে। সম্প্রতি এ ধরনের কোনো বক্তব্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান দেননি। 

“তিনি একজন বিচার বিভাগীয় কর্মকর্তা; একজন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ। সেই সঙ্গে একজন বরেণ্য আলেম।"

তার বিরুদ্ধে 'এমন ভ্রান্ত বক্তব্য প্রচার নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত' বলেও তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন একটি সরকারি প্রতিষ্ঠান, যা সরকারি বিধি-বিধানের আলোকে পরিচালিত হয়। 

“ইসলামিক ফাউন্ডেশনের গঠনতন্ত্র ও প্রক্রিয়া অনুযায়ী মহাপরিচালকের এককভাবে কারও চাকরি বাতিল করার ক্ষমতা নেই।"