ভারত থেকে ফেরানো হল ৯১ মৎস্যজীবীকে
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যথাযথ প্রক্রিয়া অনুসৃত হলে বাংলাদেশ বরাবরই বিদেশে অবস্থিত বাংলাদেশিদের প্রত্যাবাসনে সহায়তা দিয়ে থাকে।
বিভিন্ন স্থল সীমান্তে ভারত থেকে মানুষজনকে ঠেলে দেওয়ার চেষ্টার মধ্যে দেশটির কোস্টগার্ডের হাতে আটক ৯১ বাংলাদেশি মৎস্যজীবীকে ফিরিয়ে এনেছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, রোববার বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমানা রেখায় ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে তাদের গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড।
একইসঙ্গে ভারতীয় কোস্টকার্ডের কাছ থেকে বাংলাদেশের মালিকানাধীন চারটি মাছ ধরার বোটও গ্রহণ করা হয়েছে।
বিভিন্ন স্থল সীমান্ত দিয়ে ভারত থেকে মানুষজনকে জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টার খবর প্রতিদিনই আসছে। ঠেলে পাঠানো লোকদের ‘অবৈধ বাংলাদেশি’ হিসাবে বর্ণনা করে আসছে ভারত সরকার।
বিএসএফের এই ‘পুশইন’ চেষ্টার মধ্যে বিজিবি ও স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে উত্তেজনার খবরও আসছে বিভিন্ন সীমান্ত থেকে।
এর মধ্যে কূটনৈতিক প্রক্রিয়ায় মৎস্যজীবীদের ফেরানোর খবর জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “যথাযথ দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসৃত হলে বাংলাদেশ বরাবরই বিদেশে অবস্থিত বাংলাদেশিদের প্রত্যাবাসনে সহায়তা দিয়ে থাকে।”
এই প্রত্যাবাসন কার্যক্রমটি সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার একযোগে কাজ করার কথাও তুলে ধরা হয় বিবৃতিতে।
