২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ

গত এক দিনে সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছিল রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছী, তাড়াশ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, রাজারহাট, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায়।

সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 05:19 PM

Updated : 16 Jan 2024, 05:19 PM

শীতের তীব্রতার মধ্যে দেশের কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে গেলে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি।

মঙ্গলবার মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

“এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে নেমে যাবে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের তথ্য অনুযায়ী) আঞ্চলিক উপপরিচালকরা ওইসব জেলার শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেবেন।”

নির্দেশনাটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল, কুমিল্লা ও ময়মনসিংহ অঞ্চলের মাউশির আঞ্চলিক উপপরিচালকদের পাঠানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এই সময়ে রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছী, তাড়াশ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, রাজারহাট, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে।

এর আগে গত জুনে টানা তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করতে হয়েছিল সরকারকে।