ভোটে সাংবাদিকদের বাইক: অনুমতি পেতে দিতে হবে যেসব নথি
এক্ষেত্রে অনুমতি পাওয়ার জন্য মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
নানামুখি সমালোচনার পর নির্বাচনের সময় সাংবাদিকদের সংবাদ সংগ্রহের কাজে সীমিত পর্যায়ে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে অনুমতি পাওয়ার জন্য মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
আগের নীতিমালায় সংশোধন এনে মঙ্গলবার এ নির্দেশনা জারি করেছে সাংবিধানিক সংস্থাটি।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, সাংবাদিকদের যাতায়াতের জন্য ‘যৌক্তিক সংখ্যক’ গাড়ির স্টিকার দেওয়া হবে। ‘প্রয়োজনের নিরীখে ও বাস্তবতার আলোকে’ স্থানীয় প্রশাসন (রিটার্নিং অফিসার, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং অফিসার সমন্বিতভাবে) ‘প্রকৃত’ সাংবাদিকদেরকে ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহের জন্য ‘সীমিত পর্যায়ে’ মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে পারবেন।
এক্ষেত্রে সংশ্লিষ্ট সাংবাদিককে নিজ নিজ প্রতিষ্ঠানের নিয়োগপত্র, প্রেস আইডির কপি, এনআইডির কপি এবং যে মোটরসাইকেল ব্যবহার করা হবে সেই মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। সেসব যাচাই করে রিটার্নিং অফিসার বা রিটার্নিং অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেবেন।
এছাড়া কোনো সাংবাদিকের জন্য গাড়ির স্টিকার দেওয়া হলে স্টিকারের ক্রমিক নম্বর রেজিস্ট্রারে লিখে রাখতে হবে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
