এইসব স্যামসাং ফোনে বন্ধ হল অ্যান্ড্রয়েড অটো সেবা
অ্যান্ড্রয়েড অটো’র ন্যূনতম সফটওয়্যার সংস্করণের প্রয়োজনীয়তা নিয়মিতই আপডেট করে মার্কিন সার্চ জায়ান্টটি।
অ্যান্ড্রয়েড অটো সেবা ব্যবহারের জন্য ন্যূনতম সফটওয়্যার সংস্করণের কড়াকড়ি বাড়িয়েছে গুগল। এতে বেশ কিছু জনপ্রিয় পুরনো ডিভাইসে ফিচারটি আর কাজ করবে না।
অ্যান্ড্রয়েড অটো’র ন্যূনতম সফটওয়্যার সংস্করণের প্রয়োজনীয়তা নিয়মিতই আপডেট করে মার্কিন সার্চ জায়ান্টটি। ফলে পুরনো সংস্করণের অ্যান্ড্রয়েড চলা অনেক ফোনই এই সেবার সমর্থন হারায়।
প্রযুক্তি সংবাদের সাইট স্যামমোবাইল প্রতিবেদনে লিখেছিল, গেল মাসেই গুগল বলেছিল, অ্যান্ড্রয়েড ১০ চালিত ডিভাইসগুলো অ্যান্ড্রয়েড অটো সমর্থন করবে না।
এখন নিজেদের অফিসিয়াল সাপোর্ট পেইজ আপডেট করে বিষয়টি নিশ্চিত করেছে গুগল।
কারো স্যামসাং ফোন অ্যান্ড্রয়েড ১০ চালিত হলে তাকে অ্যান্ড্রয়েড অটো ব্যবহার করার জন্য নতুন ফোন নেওয়ার কথা ভাবতে হবে।
আপগ্রেড করাই একমাত্র বিকল্প
আগে অ্যান্ড্রয়েড অটো’র ফিচার ব্যবহারের জন্য ন্যূনতম অ্যান্ড্রয়েড সংস্করণ হিসেবে ‘অ্যান্ড্রয়েড ৯ পাই’-এর কথা উল্লেখ ছিল গুগলের অফিসিয়াল সাপোর্ট পেইজে।
গুগল এখন তালিকা থেকে অ্যান্ড্রয়েড ৯ ও অ্যান্ড্রয়েড ১০ উভয় সংস্করণই বাদ দিয়েছে। ফলে ‘কার ইনফোটেইনমেন্ট’ প্ল্যাটফর্মটি এখন ব্যবহারের জন্য ন্যূনতম অ্যান্ড্রয়েড ১১ সংস্করণ হতে হবে।
অ্যান্ড্রয়েড ১০ অ্যান্ড্রয়েড অটো’র শেষ বড় ওএস আপগ্রেড হিসেবে পাওয়া বেশ কিছু জনপ্রিয় স্যামসাং ফোনের তালিকার মধ্যে ‘গ্যালাক্সি নোট ৯’ সিরিজ, ‘গ্যালাক্সি এস৯’ সিরিজ, ‘গ্যালাক্সি এ৮০’, ‘গ্যালাক্সি এ৫০’ ও আরও মডেল রয়েছে।
ব্যবহারকারীর এখন একমাত্র বিকল্প হল, এমন ফোনে আপগ্রেড করা, যা অন্তত অ্যান্ড্রয়েড ১১ বা তার পরবর্তী সংস্করণে চলে।
স্যামসাংয়ের সবশেষ ফোনগুলোর যে কোনো একটি কিনলে আগামী সাত বছরের জন্য নিশ্চিত আপডেট মিলবে। ফলে দীর্ঘ সময় ধরে অ্যান্ড্রয়েড অটো ব্যবহারের ক্ষেত্রে দুশ্চিন্তা থাকবে না।
