২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য পপি

স্থগিত একটি ভোটকেন্দ্রে নির্বাচনের পর জয়ী হন আওয়ামী লীগের এ সংসদ সদস্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2024, 07:23 PM

Updated : 15 Jan 2024, 07:23 PM

ময়মনসিংহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বেগম নিলুফার আনজুম পপি শপথ গ্রহণ করেছেন।

সোমবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ শেষে রীতি অনুযায়ী নিলুফার আনজুম শপথ বইয়ে সই করেন।

৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছিল।

নির্বাচন চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার কারণে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটির ভোট বাতিল করা হয়েছিল।

গত শনিবার ওই কেন্দ্রের ভোটে প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি ভোট পেয়ে এ আসনে জয়ী হন পপি।

নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫৪ হাজার ৪৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।

স্থগিত হওয়া কেন্দ্রে মোট ৩ হাজার ৩২ ভোটের মধ্যে শনিবার ১ হাজার ৬৭৭ ভোট পড়ে। এর মধ্যে পপি ভোট পান ১ হাজার ২৯৫ এবং ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পান ৩৫৫ ভোট। বাকি ভোট অন্য প্রার্থীরা পান।

পুরনো খবর:

ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোটে নৌকার পপি জয়ী

সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও নাহিম রাজ্জাক উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।