১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অস্ত্র সমর্পণের স্মৃতিচারণ করলেন মুক্তিযোদ্ধা স্বপন

“আজকের দিনে এত সুন্দর একটা বইয়ের সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে,” বলেন তিনি।

অস্ত্র সমর্পণের স্মৃতিচারণ করলেন মুক্তিযোদ্ধা স্বপন
‘রক্তরেখায় বাংলাদেশের’ দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বই হাতে মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম স্বপন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2026, 12:42 AM

Updated : 26 Aug 2026, 02:50 PM

মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম স্বপন রণাঙ্গনে চালিয়েছেন অস্ত্র, পাশাপাশি ক্যামেরায় তুলেছেন যুদ্ধদিনের ছবি।

১৯৭২ সালের ৩১ জানুয়ারি অস্ত্র সমর্পণ করেছিলেন তিনি।

শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান কার্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক সংকলন ‘রক্তরেখায় বাংলাদেশ’-এর দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, “আজকের দিনটি আমার জন্য খুবই বিশেষ একটি দিন। কারণ, ১৯৭২ সালের এই দিনে আমরা ঢাকার মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর হাতে ‘সুগন্ধায়’ অস্ত্র সমর্পণ করেছিলাম।”

বহুমাত্রিক জনযুদ্ধের ইতিহাসকে তিন খণ্ডের সংকলনে মলাটবদ্ধ করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ‘রক্তরেখায় বাংলাদেশ–অন্তহীন যুদ্ধ: গৌরব, বেদনা আর শিকড়ের ইতিহাস’ শিরোনামে এ সংকলনের প্রথম খণ্ড প্রকাশিত হয় গত বিজয় দিবসে। 

এবার ৩১ জানুয়ারিতে প্রকাশিত হলো সংকলটির দ্বিতীয় খণ্ড। সংকলনটি সম্পাদনা করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

‘রক্তরেখায় বাংলাদেশের’ দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাঁ থেকে মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম স্বপন, শহীদ বুদ্ধিজীবী চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে তপু রায়হান, ‘মুক্তিযুদ্ধের বন্ধু’ জুলিয়ান ফ্রান্সিস, মুক্তিযোদ্ধা লিনু হক।

‘রক্তরেখায় বাংলাদেশের’ দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাঁ থেকে মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম স্বপন, শহীদ বুদ্ধিজীবী চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে তপু রায়হান, ‘মুক্তিযুদ্ধের বন্ধু’ জুলিয়ান ফ্রান্সিস, মুক্তিযোদ্ধা লিনু হক।

এই সংকলনে ব্যবহৃত হয়েছে মুক্তিযোদ্ধা স্বপনের ক্যামেরায় তোলা কয়েকটি আলোকচিত্র।

শফিকুল ইসলাম স্বপন বলেন, “এই সংকলনের মধ্যে একটা ছবি আছে— মুক্তিযোদ্ধা পলাশ। পলাশ আমাদের সবচাইতে জুনিয়র ছিল, ওর বয়স ছিল মাত্র ১০ বছর। ওর হাতে একটা স্টেনগান দিয়ে, সেই স্টেনগানটা বঙ্গবন্ধুর হাতে দিয়ে ঢাকা উত্তর মুক্তিবাহিনীর আমাদের যে গ্রুপটা ছিল, আমরা অস্ত্র সমর্পণ করি।”

মুক্তিযুদ্ধের গৌরবের ইতিহাস মলাটবদ্ধ করার জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ধন্যবাদ জানান তিনি। 

স্বপন বলেন, “আজকের দিনে এত সুন্দর একটা বইয়ের সঙ্গে আমি যুক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে। এই পুরো টিমকে ধন্যবাদ।”

অনুষ্ঠানে শফিকুল ইসলাম স্বপনের পাশাপাশি অতিথি হয়ে এসেছিলেন মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু জুলিয়ান ফ্রান্সিস, মুক্তিযোদ্ধা ফেরদৌসী হক লিনু (লিনু হক) এবং শহীদ বুদ্ধিজীবী ও চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে তপু রায়হান।

আরও পড়ুন

সব প্রজন্ম মুক্তিযুদ্ধের 'উত্তরাধিকার' হয়নি: মুক্তিযোদ্ধা লিনু হক

কিছু ‘ভুয়া মুক্তিযোদ্ধার’ কারণে প্রকৃত মুক্তিযোদ্ধারা ‘ব্যথিত’: জুলিয়ান ফ্রান্সিস

এগোতে হবে মুক্তিযুদ্ধের আদর্শ ধরেই: তপু রায়হান

'রক্তরেখায় বাংলাদেশের' দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন